নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুরদুয়ারে সুপারি সিন্ডিকেটের পর্দাফাঁস! বড় সাফল্য পেল আলিপুরদুয়ারের ফালাকাটা থানার পুলিশ। প্রসংশা করলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেআইনিভাবে দীর্ঘদিন ধরে এই যে সিন্ডিকেট চক্র চলছিল, তা নজরে রাখা হয়েছিল প্রশাসনের তরফে। এরপর পুলিশের তরফে অভিযান চালানো হয়, তাতেই উদ্ধার করা হয়েছে ১ লক্ষ ১৭ হাজার ২০০ কেজি সুপারি। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিভিন্ন গোপন গুদামে অভিযান চালিয়ে ১ লক্ষ কেজির বেশি সুপারি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া সুপারির একটি বড় অংশই বিদেশ থেকে বেআইনিভাবে ভারতে পাচার করা হয়েছিল। এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্সে পোস্ট করে লেখেন, ‘আমাদের সরকার পশ্চিমবঙ্গের সমস্ত প্রকার বেআইনি কারবার, পাচার, সংগঠিত অপরাধ চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সম্পূর্ণ অবিচল।’ তিনি আরও বলেন, নির্ভরযোগ্য সূত্রের খবরের ভিত্তিতে একটি অভিযান চালানো হয়। সেই অভিযানেই আলিপুরদুয়ার জেলা পুলিশের অধীনস্থ ফালাকাটা থানা একটি বড়সড় অবৈধ সুপারি সিন্ডিকেটের পর্দাফাঁস করেছে।
শুভেন্দু অধিকারী এটাও জানান, ঘটনাস্থল থেকে বাপন সাহা ও সুজন বর্মন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ধৃতদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে।
এই চক্রের সঙ্গে আর কারা জড়িত? তাঁদের কাউকে ছাড়া হবে না বলেও তোপ মুখ্যমন্ত্রীর। এক্সে শুভেন্দু অধিকারী বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে আলিপুরদুয়ার জেলা পুলিশের তৎপরতা, সক্রিয়তা এবং নিষ্ঠাকে আমি সাধুবাদ জানাই। সমাজবিরোধী বা বেআইনি কার্যকলাপে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।



