দামের ছ্যাঁকা সত্ত্বেও মিষ্টির দোকানে উপচে পড়া ভিড়, ভাইফোঁটায় কদর ‘সুগার ফ্রি’ সন্দেশের
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: আজ ভ্রাতৃদ্বিতীয়া। ভাই-বোনের অটুট ভালোবাসার উদযাপনের এই বিশেষ দিনটির জন্য বছরভর অপেক্ষায় থাকে বাঙালি। বাঙালির যে কোনো উৎসব মিষ্টি ছাড়া একেবারেই বেমানান, আর ভাইফোঁটার মতো পার্বণে মিষ্টি তো মাস্ট! বাজারে চিনির দাম ঊর্ধ্বমুখী। দাম বেড়েছে ছানা সহ অন্য সব উপকরণেরও। ফলে চিরাচরিত মিষ্টির বাইরে একটু অভিনব আইটেম কিনতে গেলেই হাতে রীতিমতো ছ্যাঁকা লাগছে। তবে দামের এই চোখরাঙানি উৎসবের আনন্দকে মোটেই ম্লান করতে পারেনি। মঙ্গলবার থেকেই জেলার বিভিন্ন মিষ্টির দোকানগুলিতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে।

Advertisement

রসগোল্লা বা পান্তুয়ার মতো রসের মিষ্টি বছরভর চললেও, ভাইফোঁটায় একটু ভিন্ন স্বাদ ও আকৃতির সন্দেশের চাহিদা বেশি থাকে। সিউড়ি শহরের মিষ্টান্ন ব্যবসায়ীরা জানাচ্ছেন, এবছরও ‘ভাইফোঁটা’ লেখা সন্দেশের ব্যাপক চাহিদা। পাশাপাশি মিল্ক কেক, বাটার স্কচ, জলভরা বা জেলিভরা সন্দেশও দেদার বিকোচ্ছে। তবে দাম শুনলে অনেকেরই মাথা ঘোরার জোগাড়। একটু ভালো মানের সন্দেশ ২০ টাকার নিচে পাবেন না। বড়ো সাইজের ‘ভাইফোঁটা’ লেখা সন্দেশ বিকোচ্ছে ৩০ টাকায়। উৎসবের সুযোগে অনেক দোকানদারই মিষ্টির দাম বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছেন। অন্য সময়ে যে মিষ্টি ১২ টাকায় পাওয়া যেত, তা এখন ১৫ টাকা ও ১৫ টাকার মিষ্টি ২০ টাকায় বিক্রি হচ্ছে। 
সিউড়ির এসপি মোড়ের মিষ্টান্ন ব্যবসায়ী সন্দীপ দাসের কথায়, ক্রেতারা ভাইফোঁটায় নতুনত্ব খোঁজেন। তাঁদের চাহিদা মেটাতেই নানা ধরনের মিষ্টি তৈরি করতে হয়। চিনি, ছানার দাম বাড়ায় বাধ্য হয়েই আমাদের মিষ্টির দাম কিছুটা বাড়াতে হয়েছে।
দামের এই আঁচে পকেট পুড়ছে সাধারণ ক্রেতাদের। সিউড়ির সাজানোপল্লীর বাসিন্দা সোমা মুখোপাধ্যায় এদিন ভাইদের জন্য মিষ্টি কিনতে এসেছিলেন। তিনি বলেন, কাকা, জেঠু ও পিসির ছেলে মিলিয়ে আমার মোট ১২ জন ভাই। প্রত্যেকের পাতে অন্তত পাঁচ-ছ’পিস মিষ্টি তো দিতেই হবে! অথচ বাজারের যা পরিস্থিতি, তাতে মাথাপিছু মিষ্টি কিনতেই প্রায় একশো টাকা খরচ হয়ে যাচ্ছে। শুধু সিউড়ি নয়, রামপুরহাট শহরেও এবার নানান রকমের সন্দেশের মিষ্টির চাহিদা তুঙ্গে। সেখানে চিরাচরিত মিষ্টির পাশাপাশি আম ও চকোলেট স্বাদের সন্দেশ বেশ জনপ্রিয় হয়েছে। তবে, সর্বত্রই ভালো গুনমানের মিষ্টির গড় দাম ২০টাকা করে রেখেছেন ব্যবসায়ীরা।
তবে এত কিছুর পাশাপাশি বর্তমান প্রজন্মের স্বাস্থ্যসচেতনতার দিকটিও মাথায় রাখছেন ব্যবসায়ীরা। ওজন বাড়ার ভয় ও ডায়াবেটিসের কারণে অনেকেই এখন মিষ্টি থেকে দূরে থাকেন। পুষ্টিবিদরাও চিনিকে এড়িয়ে চলারই পরামর্শ দেন। এই স্বাস্থ্যসচেতন ক্রেতাদের কথা ভেবেই জেলার বিভিন্ন দোকানে চিনির লেশমাত্র ছাড়া সম্পূর্ণ ‘সুগার ফ্রি’ মিষ্টি তৈরি হচ্ছে। চিনির পরিবর্তে খেজুর গুড়, কিশমিশ, কোরানো নারকেল এবং নানা ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি এই অভিনব সন্দেশের চাহিদাও বাজারে ক্রমশ বাড়ছে।