নিজস্ব প্রতিনিধি কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির ডায়েরি করা মামলায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট। তবে ইডির মামলায় তিনি জামিন পেলেও তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের মামলা থাকায় তাঁকে আপাতত জেল হেফাজতেই থাকতে হবে!
সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। ২০১৬ সালের যে প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত, সেসময় মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্বে ছিলেন কল্যাণময়। তাঁর আমলে স্কুলে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কল্যাণময়কে গ্রেপ্তার করে সিবিআই। পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে আর্থিক অভিযোগ ওঠায় ইডিও গ্রেপ্তার করে তাঁকে। ইডির মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কল্যাণময়। যদিও তাঁর জামিনের বিরোধিতা করেছিল ইডি। কেন কল্যাণময়কে জামিন দেওয়া হবে না, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জানতে চেয়েছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। সব পক্ষের বক্তব্য শোনার পর মঙ্গলবার ইডির মামলায় কল্যাণময়ের জামিন মঞ্জুর করেছেন বিচারপতি ঘোষ। কিন্তু সিবিআইয়ের মামলা বকেয়া থাকায় তাঁকে আপাতত জেলেই থাকতে হবে।



