সংবাদদাতা, বোলপুর: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সর্বক্ষণের সঙ্গী ছিলেন তিনি। এখনও গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত। অথচ অনুব্রত মণ্ডলের আইনজীবীর ভূমিকায় দেখা গেল সেই বিপদতারণ ভট্টাচার্যকে। এই ঘটনায় তাঁর উপর অত্যন্ত ক্ষুব্ধ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব। দলীয় মর্যাদা ও ভাবমূর্তির প্রশ্নে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে। আগামী ৯জুন তাঁর সঙ্গে বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল।
বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজ ও হুমকির ঘটনায় পুলিস তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর গত শনি ও রবিবার তাঁকে বোলপুরের এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার জন্য নোটিস দেয় পুলিস। কিন্তু পরপর দু’দিনই তিনি ওই হাজিরা এড়িয়ে যান। দু’দিনই অনুব্রতবাবুর আইনজীবীর ভূমিকায় বিপদতারণবাবুকে দেখা যায়। এরপর তিনি দাপুটে তৃণমূল নেতার পক্ষ নিয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, অনুব্রত চক্রান্তের শিকার। বৃহস্পতিবারও এসডিপিও অফিসে কেষ্টর সঙ্গে ওই আইনজীবীকে দেখা যায়। তাঁর এই ভূমিকাতে ক্ষুব্ধ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব। বিজেপির সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও কীভাবে তিনি বিরোধীপক্ষের নেতার আইনজীবী হলেন, তা নিয়ে দলের মধ্যে চর্চা শুরু হয়।
সূত্রের খবর, বিপদতারণবাবু বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা অফিসিয়াল নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন। পাশাপাশি তিনি বিজেপির লিগ্যাল সেলের সদস্য ছিলেন। ২০২১সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর বিভিন্ন নির্বাচনী প্রচারেও তাঁকে সক্রিয়ভাবে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল।
বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, আমাদের দলের লিগ্যাল সেলে থাকা সত্ত্বেও তৃণমূল নেতার হয়ে সওয়াল করতে যাচ্ছেন। এভাবে বিজেপিতে থাকা যাবে না। উনি পেশাদার আইনজীবী হলেও দলের মর্যাদা ও ভাবমূর্তির বিষয় রয়েছে। উনি যেটা করছেন, তা করা যায় না। শৃঙ্খলাভঙ্গের বিষয়ে দলে আলোচনা হবে। তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে তাঁকে দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হবে। তারপর উনি যত খুশি তৃণমূলপ্রীতি দেখান, আমাদের কিছু আসে যায় না। আগামী ৯জুন তাঁর সঙ্গে কথা বলে পাকাপাকি সিদ্ধান্ত নেব। যদিও এবিষয়ে বিপদতারণবাবুর প্রতিক্রিয়া নিতে বারবার ফোন করা হলেও তিনি ধরেননি। মেসেজেরও কোনও উত্তর দেননি।