বহুতল তৈরিতে নকশা মানা হয়নি, ২০০ আবাসন কর্তৃপক্ষকে নোটিস
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গত কয়েক বছরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বহুতল আবাসন। কিন্তু সরকারি নিয়ম মানা হয়েছে কি? সেই প্রশ্ন তুলেই এবার ময়দানে নামছে বৈদ্যবাটি পুরসভা। পুরসভার প্রশাসনিক বৈঠকে সমস্ত আবাসনের সরেজমিন তদন্তের সিদ্ধান্ত হয়েছে। উচ্চপর্যায়ের ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা বিজেপি নেতা দিলীপ সিং। জানা গিয়েছে, প্রথম দফায় ২০০টি আবাসন কর্তৃপক্ষকে বিল্ডিং প্ল্যান দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। মূলত, সাবেক সরকারের আমলে অনিয়মের অভিযোগকে হাতিয়ার করে ওই পরিকল্পনা করা হয়েছে। যদিও রাজনৈতিক মহলের একাংশের দাবি, অনিয়ম অপেক্ষা জরিমানা করে পুরসভার আয় বাড়ানোই লক্ষ্য।

Advertisement

স্থানীয় বিধায়ক দিলীপ বলেন, তৃণমূল কংগ্রেসের জমানায় বৈদ্যবাটিতে প্রাতিষ্ঠানিক অনিয়ম হয়েছে। একটি বিশেষ শব্দবন্ধ সেই সময় চালু করা হয়েছিল। তা হল, ‘রিভাইসড প্ল্যান’। পুরআইনে ওই বিষয়টির অস্তিত্ব নেই। আর ওই ফাঁক গলেই একরকম নকশা দিয়ে ভিন্নরকমের আবাসন তৈরি হয়েছে। আমরা সেসবকে আইনের আওতায় আনতে চাই। অনিয়মকে গোড়া থেকে উপড়ে ফেলাই আমাদের লক্ষ্য। পুরসভাতে রাজস্ব বাড়ছে না, সেটা বাস্তব সমস্যা। আমরা অনিয়ম চিহ্নিত করে জরিমানা করব। তাতে রাজস্ব আদায় হবে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বৈঠকে বসেছিলেন পুরকর্তারা। সেখানেই দেখা গিয়েছে, গত কয়েক বছরে বৈদ্যবাটিতে ৩৫০টি’রও বেশি আবাসন তৈরি হয়েছে। আর তার ৯০ শতাংশই সরকারের কাছে জমা দেওয়া নকশা মেনে করা হয়নি। এমনটাই সন্দেহ পুরপ্রশাসক ও বিধায়কের। এই পরিস্থিতিতে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে নোটিস জারির পাশাপাশি সরেজমিন তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। প্রথম দফায় ২০০টি নোটিস জারি করা হয়েছে। রাজ্যের শাসকদল বিজেপি নেতৃত্বের দাবি, আবাসন নিয়ে অনিয়মের সঙ্গে তৃণমূল নেতৃত্বের পাশাপাশি ঠিকাদার ও পুরসভার একাংশের কর্মীও জড়িত ছিলেন। সেই বিষয়গুলিকেও আইনের আওতায় আনা হবে। 
তৃণমূলের হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার বলেন, তদন্তে আমাদের আপত্তি নেই। কিন্তু রাজনৈতিক চক্রান্ত হলে, প্রতিবাদ হবে।