Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, চার মাসে আক্রান্ত বেড়ে ৫০

মালদহে হুহু করে বাড়ছে ডেঙ্গু। জানুয়ারি থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫০ ছুঁয়েছে।

মালদহে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, চার মাসে আক্রান্ত বেড়ে ৫০
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহে হুহু করে বাড়ছে ডেঙ্গু। জানুয়ারি থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫০ ছুঁয়েছে। 

Advertisement

মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি বলেন, ডেঙ্গু রোধে আমরা প্রথম থেকেই সজাগ রয়েছি। ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ পর্ব শেষ হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় কর্মশালা করা হচ্ছে। প্রত্যেকটি কেস চিহ্নিত করে প্রতি মঙ্গলবার ব্লক ভিত্তিক বৈঠক করছি। 
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের রিপোর্ট তৈরি করেছে স্বাস্থ্য দপ্তর। সেই রিপোর্ট অনুযায়ী মালদহ জেলায় মোট ৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত। যা যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন স্বাস্থ্য কর্তারা। কারণ স্বাস্থ্য কর্তাদের দাবি, সাধারণত ডেঙ্গু অক্টোবর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করে। সেই জায়গায় দাঁড়িয়ে জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই যদি ৫০  জন আক্রান্ত হন, তাহলে বর্ষায় কী হবে ভেবে চিন্তা বাড়ছে। তখন নিয়ন্ত্রণ করাই প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। 
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে মালদহে মোট ৪ হাজার ৪২৭ জন ডেঙ্গু আক্রান্ত হন। পরের বছর আক্রান্তের সংখ্যা কমে দাঁড়ায় ২ হাজার ৭৬২ জনে। গত বছর অন্যান্য বছরের তুলনায় আক্রান্তের সংখ্যা কমলেও অনেক বেশি গ্রাম পঞ্চায়েত ডেঙ্গু ছড়িয়ে পড়েছিল। 
এবছর রতুয়া-১ ও ২ ব্লক সহ চাঁচল মহকুমায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে স্বাস্থ্য কর্তাদের আশঙ্কা। তাই গত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার প্রথম থেকেই ডেঙ্গু দমনে কোমর বেঁধে নামছে স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন। ইতিমধ্যেই জেলা পরিষদ, পুরসভা পর্যায়ে একাধিক বৈঠক সেরে ফেলেছেন স্বাস্থ্য কর্তারা। 
স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, মালদহের কালিয়াচক-২ এবং ৩ নম্বর ব্লকে ৬ জন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। কোনও একটি ব্লকে এবার এটাই জেলার মধ্যে সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা। এরপরেই রয়েছে কালিয়াচক -১ এবং ইংলিশবাজার ও পুরাতন মালদহ ব্লক। এই তিনটি ব্লকে ৫ জন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মানিকচক ও গাজোল ব্লকে ৪ জন করে ডেঙ্গু আক্রান্ত। ইংলিশবাজার পুরসভা, রতুয়া -১ এবং -২ নম্বর ও হরিশ্চন্দ্রপুর -২ নম্বর ব্লকে ৩ জন করে আক্রান্ত হয়েছে। এছাড়া পুরাতন মালদহ পুরসভা, হরিশ্চন্দ্রপুর-১, ও চাঁচল -১ নম্বর ব্লকে আক্রান্ত হয়েছেন একজন করে। 
এদিকে সোমবার ইংলিশবাজার পুরসভার তরফে টাউন হলে ডেঙ্গু নিয়ে একটি সচেতনতামূলক বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগারওয়ালা, চেয়ারম্যান ইন কাউন্সিল গায়েত্রী ঘোষ সহ অন্য কাউন্সিলার ও পুর আধিকারিকরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ