নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ২০২৪ সাল কিছুটা স্বস্তি দিয়েছিল! কিন্তু ২০২৫ সালে ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেল। গত বছরের শেষে মশাবাহিত রোগের পরিসংখ্যান বিশ্লেষণ করতে গিয়ে দেখা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলায় ১১৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ছিল ৭৭৮ জন। ২০২৪ সালে ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ৭৪০ ও ৬০৭। এই অবস্থায় নতুন বছর অর্থাৎ ২০২৬-এ যাতে মশাবাহিত এই দু’টি রোগ নিয়ন্ত্রণে রাখা যায়, তার জন্য বাড়তি উদ্যোগ নেওয়া হবে বলে স্বাস্থ্য জেলার তরফে জানানো হয়েছে।
আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ কী? চিকিৎসক থেকে স্বাস্থ্য আধিকারিকরা মনে করছেন, পরিযায়ী শ্রমিকদের অনেকেই কাজ করতে গিয়ে সেখানে অসুস্থ হয়ে বাড়ি ফেরেন। তারপর রক্ত পরীক্ষায় অনেকের ডেঙ্গু অথবা ম্যালেরিয়া ধরা পড়েছে। তাছাড়া বহু জায়গায় অপরিষ্কার ড্রেন, জমা জল পরিষ্কার না হওয়ার জন্যও মশা বংশবিস্তার করছে। গত বছর পুজোর পরপর রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রেনিয়ায় বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।



