নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী দু’মাস সমস্তরকমভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে হবে। লক্ষ্য একটাই—সংক্রমণ যেন লাগাম না-ছাড়ায়। সোমবার স্বাস্থ্যসহ রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠকে এই বার্তাই দিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। রোগ নিয়ন্ত্রণে প্রশাসনের এই পর্যন্ত ভূমিকার প্রশংসা করা হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলিতে ফিভার ক্যাম্প রাখতে বলা হয়েছে অসুস্থদের জন্য। নির্দেশ গিয়েছে, মশার বংশবিস্তার ঠেকাতে নজরদারি বাড়াতে হবে পুর প্রশাসনকে। এদিন আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন মুখ্যসচিব। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা প্রকল্পে নাগরিকদের ইকেওয়াইসির কাজ দ্রুত শেষ করে কার্ড তুলে দেওয়ার কাজে গতি আনতেও নির্দেশ দেওয়া হয়েছে।



