নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরজুড়ে অবৈধ নির্মাণ নিয়ে ভূরি ভূরি অভিযোগ। ইনস্পেকশন হচ্ছে, নোটিস ধরানো হচ্ছে, কিন্তু তারপর? ভাঙা হচ্ছে কই! অভিযোগ, বিভিন্ন জায়গা থেকে অবৈধ নির্মাণ নিয়ে অভিযোগ এলেও তার বিরুদ্ধে পুরসভার আইনানুপ পদক্ষেপ কদাচিৎ দেখা যাচ্ছে। একটা সময় যেখানে শহরজুড়ে সপ্তাহে অন্তত ২০-২৫টি অবৈধ নির্মাণ ভাঙা হত, সেখানে এখন সপ্তাহে দুটোও হচ্ছে না। রাজ্যে পালাবদলের পর কসবা-তিলজলা অঞ্চলে নিয়ম-কানুন কার্যত লাটে তুলে ঢাকঢোল পিটিয়ে মিডিয়া ডেকে অবৈধ নির্মাণ ভেঙেছিল পুরসভা। সেখানে গত কয়েকমাস ধরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপের গতি কেন হারিয়ে গেল, সেই প্রশ্ন উঠছে। এদিকে, বাড়িঘর ভাঙার কাজে যুক্ত সংস্থাগুলির পুরসভার কাছে পাওনা গিয়ে দাঁড়িয়েছে কয়েক কোটি টাকা।
কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে খবর, চেতলা, ঢাকুরিয়া, কসবা, মুকুন্দপুর, বাঘাযতীন, যাদবপুরের মতো জায়গা থেকে বেআইনি নির্মাণের গুচ্ছ অভিযোগ আসছে। লিখিত অভিযোগ দায়ের হলে নোটিস পাঠানো হচ্ছে। কিন্তু তারপর আর শুনানি হচ্ছে না। মিউনিসিপ্যাল আদালতে কেস উঠছে না। গোটা প্রক্রিয়া ঘেঁটে গিয়েছে বলে অভিযোগ। আধিকারিকদের দাবি, পরিবর্তিত পরিস্থিতিতে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে সাসপেন্ড হতে হয়েছে বিল্ডিং বিভাগের উচ্চপদস্থ আধিকারিককেই। সেই ঘটনার পর অনেকেই নিজেকে গুটিয়ে রেখেছেন। আগ বাড়িয়ে কিছু করছেন না। নির্মাণ ভাঙা সংক্রান্ত যে কোনো বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। শাস্তির ভয়ে বরো এগজিকিউটিভের ক্ষমতা প্রয়োগ করতে ভয় পাচ্ছেন বহু অফিসার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষও নানা কাজের মধ্যে ফেঁসে থাকায় অবৈধ নির্মাণ সংক্রান্ত ফাইল নড়চড় হচ্ছে না।
এক আধিকারিক বলেন, ‘গত পুরবোর্ডের আমলে শেষ দু-তিন বছরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছিল। যদিও সেই পদক্ষেপ ব্যক্তি বিশেষে নেওয়া হত বলে অভিযোগ রয়েছে কারও কারও। তবে বেআইনি নির্মাণ ভাঙার একটা ধারাবাহিকতা ছিল। কলোনি অঞ্চলে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে অতীতে মেয়র পরিষদের বৈঠকে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম এবং মেয়র পারিষদ বৈশ্বনর চট্টোপাধ্যায়ের তুমূল কথা কাটাকাটির উদাহরণও রয়েছে। কিন্তু গত চার-পাঁচ মাসে বেআইনি নির্মাণ ভাঙার কাজ প্রায় হচ্ছে না বললেই চলে। আদালতের সুস্পষ্ট নির্দেশ না থাকলে কোনো অবৈধ নির্মাণে হাত দেওয়া হচ্ছে না।’
আরও জানা গিয়েছে, বর্তমানে চারটি এজেন্সি পুরসভার ‘ডেমোলিশন স্কোয়াড’-এর সঙ্গে যুক্ত। এই এজেন্সির কর্মীরা মাঠে নেমে নির্মাণ ভাঙার কাজগুলি করে। শুধু অবৈধ নির্মাণ নয়, বিপজ্জনক বা পরিত্যক্ত পুরানো বাড়ি আগাম ভেঙে দেওয়ার প্রয়োজন থাকলে বা আংশিক ভেঙে পড়লে তাঁদের ডাক পড়ে। এই কর্মীদের বক্তব্য, একটা সময় নিয়মিত বহু বাড়ি ভাঙতে হয়েছে তাঁদের। কিন্তু গত চার-পাঁচ মাসে কাজ সেভাবে হচ্ছে না। সপ্তাহে দুটো কাজ পেলেই সেটা অনেক বলে মনে করছেন
তাঁরা। তাছাড়া, কোনো কোনো এজেন্সি এই কাজের জন্য এক কোটির বেশি টাকা পায় পুরসভার কাছে। এক্ষেত্রে অবশ্য বিভাগীয় কর্তারা জানাচ্ছেন, বকেয়া টাকা দ্রুত কয়েক ধাপে মিটিয়ে দেওয়া হবে।



