সংবাদদাতা, উলুবেড়িয়া: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে সোমবার উলুবেড়িয়া ও উদয়নারায়ণপুরে বিক্ষোভ দেখান মহিলারা। রাস্তা অবরোধের পাশাপাশি উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজার বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন মহিলারা। এবার ‘বঞ্চিত’ মহিলাদের সমস্যা দূর করতে আসরে নামল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হাওড়া জেলা শাখা। মঙ্গলবার হাওড়া জেলা কমিটির উদ্যোগে অন্নপূর্ণা যোজনার সুরাহা, এসআইআর-এ বিচারাধীন সমস্ত বৈধ ভোটারের নাম তোলা সহ বেশ কিছু দাবিতে উলুবেড়িয়া এসডিও অফিস অভিযান ও ডেপুটেশনের ডাক দেওয়া হয়েছিল। বিকালে উলুবেড়িয়া স্টেশন থেকে মহকুমা শাসকের অফিস পর্যন্ত মিছিল করেন কয়েক হাজার মহিলা। নেতৃত্ব দেন মীনাক্ষী মুখোপাধ্যায়। মিছিলে আসা মহিলাদের বলা হয়, যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তাঁরা যেন সমস্ত নথি তাঁদের কাছে জমা দেন। সেইসব নথি নিয়ে মহকুমা শাসকের সঙ্গে দেখা করবেন। এরপরেই নথি জমা দিতে মহিলাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। নথি জেরক্সের জন্য দোকানে ভিড় লেগে যায়। কালীনগর চৌরাস্তা থেকে আসা আলেয়া বেগম জানান, এই নিয়ে চারবার অনলাইন এবং অফলাইনে ফর্ম ফিলাপ করেও টাকা পাইনি। তিনি জানান, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেও এবার আর টাকা পাইনি। বিডিও অফিসে গেলেও তারা কিছু বলতে পারছে না। এখানে নেতৃত্ব বলছে কাগজ জমা দিতে। সেই আশায় আবার কাগজ জমা দিলাম। আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা কাজি ফরিদা জানান, প্রথমেই অনলাইন এবং অফলাইনে ফর্ম ফিলাপ করেছিলাম। ভেবেছিলাম টাকা পেয়ে যাব। কিন্তু এখনও পাইনি। শুনলাম সভাস্থলে কাগজপত্র জমা নিচ্ছে। সেই কারণে আবার কাগজ জমা দিলাম। দেখা যাক কি হয়। বাউড়িয়া থেকে আসা মণিরা বিবি জানান, এতদিন তো অনেক জায়গায় ঘুরলাম। কেউ কিছু বলতে পারেনি। এবার এরা আমাদের সমস্যা মেটানোর উদ্যোগ নিয়েছে। দেখা যাক কি হয়। নিজস্ব চিত্র



