ঢাকা: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। এমনই পরিচয় দিয়ে গুলশানে প্রাক্তন সংসদ সদস্য সাম্মি আহমেদের বাড়িতে গিয়ে চাঁদাবাজির অভিযোগ। সেই ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা জানে আলম অপুকে গ্রেপ্তার করল পুলিস। বৃহস্পতিবার রাতে ঢাকার ওয়ারি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে চারদিনের পুলিসি হেফাজতে পাঠিয়েছে আদালত। উল্লেখ্য, ধৃতদের মধ্যে কয়েকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতা। এই আন্দোলনই বাংলাদেশে আওয়ামি লিগ সরকারের পতন ঘটায়। এর জেরে দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা।
তল্লাশি চালিয়ে অপুর মহম্মদপুরের বাড়ি থেকে একটি নতুন বাইক উদ্ধার করা হয়েছে। তদন্ত সূত্রে জানা গিয়েছে, প্রথমবার ১৭ জুলাই প্রাক্তন সংসদ সদস্যের বাড়িতে গিয়ে ৫০ লক্ষ টাকা দাবি করেছিল অপুর দলবল। সেদিন ১০ লক্ষ টাকা আদায় করেছিল তারা। রহস্যজনকভাবে বাইকটিও কেনা হয়েছিল ১৭ জুলাই। বাইকটি চাঁদার টাকায় কেনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিস। এরপর ফের ২৬ জুলাই সন্ধ্যার দিকে তাঁরা প্রাক্তন সংসদ সদস্যের বাড়িতে যান। টার্গেট ছিল বাকি ৪০ লক্ষ আদায় করা। তখনই ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিস। কিন্তু চম্পট দেন অপু। তারপর থেকে তল্লাশি জারি ছিল। শেষমেশ পাকড়াও করা হল ছাত্রনেতাকে।
এদিকে, বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করায় বরখাস্ত করা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকাকে। তাঁর নাম নীলিমা আখতার। সম্প্রতি গোপালগঞ্জ হিংসা নিয়ে সমাজমাধ্যমে সরব হয়েছিলেন তিনি। পাশাপাশি, প্রচার করেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। একইসঙ্গে জুলাই আন্দোলন নিয়েও বিরূপ মন্তব্য করেছিলেন অধ্যাপিকা। স্বভাবতই তা সহ্য হয়নি ইউনুস সরকারের। তারপরই নীলিমাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।