আইপিএলের সময় বদলের দাবি জোরালো হচ্ছে
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বহরেও বেড়েছে আইপিএল। তবে মার্চ মাসের মাঝামাঝি প্রতিযোগিতা শুরু হলেও গড়ায় মে মাসের শেষ পর্যন্ত। সেই সময় প্রচণ্ড গরমের সঙ্গে কালবৈশাখীর প্রবল দাপটও চোখে পড়ে। তাতে শুধু ম্যাচে বিঘ্ন ঘটে না, সমস্যায় পড়েন দর্শকরাও। আর তাই শীতে অর্থাৎ জানুয়ারিতে আইপিএল শুরু করার প্রস্তাব দিয়েছেন ললিত মোদি। মনে রাখতে হবে তিনিই কোটিপতি লিগের জনক। তবে এটা কি সম্ভব? কারণ, শীতের মরশুমে আন্তর্জাতিক ক্রিকেটে থাকে ঠাসা সূচি। তা এড়িয়ে আইপিএল জানুয়ারিতে শুরু করা বেশ কঠিন কাজ। আইসিসি’র অনুমোদনও প্রয়োজন। তবে মোদির যুক্তি, আইপিএল যেভাবে দ্রুত গতিতে জনপ্রিয়তার শিখর স্পর্শ করেছে, তাতে নতুন উইন্ডো পেতে সমস্যা হবে না। বিশ্বের প্রায় সব দেশের ক্রিকেটারই এই লিগে খেলার জন্য মুখিয়ে থাকে। কোটি কোটি উপার্জন করে। তাই আইপিএলে না খেলে কেউ থাকতে পারবে না। 

Advertisement

ললিত মোদির সুরে গলা মিলিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালকিন জুহি চাওলা। তিনি জানিয়েছেন, ‘আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ। তাহলে কেন এই প্রতিযোগিতা গরমে হবে? জানুয়ারি মাসে টুর্নামেন্ট শুরু করতে পারলে সবার সুবিধা হবে। অনেক ভালো পারফর্ম করতে পারবে ক্রিকেটাররা। আমার মনে হয় না, তাতে কেউ আপত্তি জানাবে। আইপিএলের সূচি বদলের সময় এসে গিয়েছে।’
এদিকে, ২০২৮ সালে আইপিএলে দলের সংখ্যা বেড়ে ১২ হতে পারে। সূত্রের খবর, নতুন দু’টি শহরে ফ্র্যাঞ্চাইজি দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে বিসিসিআই। তার মধ্যে বরোদা ও পুনের নাম শোনা যাচ্ছে। আসলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতবদল হয়েছে বিপুল অর্থে। তা দেখে উৎসাহিত বিসিসিআই কর্তারা। তাঁরা মনে করছেন, আগামী দু’বছরের মধ্যে কোটিপতি লিগে নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজি দেওয়া হলে বিপুল অর্থ আসবে। তবে সমস্যাও কম নয়। আইপিএলে দল বাড়লে ফরম্যাটেও কিছু বদল ঘটাতে হবে। না হলে টুর্নামেন্টের মেয়াদ বেড়ে যাবে। তাতে উৎসাহ কমবে ক্রিকেটপ্রেমীদের। সেক্ষেত্রে টুর্নামেন্টের জনপ্রিয়তায় ঘাটতি দেখা যাওয়ার আশঙ্কাও রয়েছে।