সংবাদদাতা, উলুবেড়িয়া: চাকরি প্রার্থীদের আন্দোলনে অংশ নেওয়ায় বিধায়ক সমীর পাঁজার নির্দেশে গেস্ট লেকচারার রুমা বেজ-এর চাকরি গিয়েছিল। উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয়ের এই চাকরির পাশাপশি তাঁকে একটি স্কুলের পার্ট টাইম শিক্ষিকার পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই অধ্যাপিকা। অবশেষে কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে বিজেপি শিক্ষা সেল ওই অধ্যাপিকাকে ফের চাকরিতে বহালের দাবি জানালো।
রুমা বেজ জানান, ২০১১ সাল থেকে আমি এই কলেজের গেস্ট লেকাচারার হিসাবে নিযুক্ত ছিলাম। কিন্ত আমি শিক্ষা সেলের বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ায় এখানকার বিধায়ক সমীর পাঁজা কলেজ এবং স্কুল থেকে আমাকে বিতাড়িত করেন। বিধায়ক আমাকে নানাভাবে হুমকিও দিয়েছিলেন। ফলে আমি আতঙ্কে দিন কাটাচ্ছিলাম। এদিন বিজেপি শিক্ষা সেলের রাজ্য কনভেনর পিন্টু পাড়ুই বলেন, এই অধ্যাপিকা বিজেপি শিক্ষা সেলের আন্দোলনে প্রথম সারিতে ছিলেন। এমনকী ২০১৯ সালে তৎকালীন রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের সময়েও তিনি আমাদের প্রতিনিধি দলে ছিলেন। অধ্যাপিকার সেই ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার তিনদিনের মাথায় স্থানীয় বিধায়ক সমীর পাঁজার নির্দেশে রুমা বেজের দু’টি চাকরিই চলে যায়। ওঁকে মুখ না খোলার ব্যাপারে ভয়ও দেখানো হয়েছিল। যদিও উনি শিক্ষাদপ্তরে বিষয়টি জানান। এরপর তৎকালীন শিক্ষা সচিব সমস্যাটি মেটানোর উদ্যোগ নিয়েও ব্যর্থ হন।
পিন্টু পাড়ুই বলেন, কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে আমরা সব তথ্য জমা দিয়েছি। নতুন ম্যানিজিং কমিটি গঠনের পরেই একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করে বিষয়টি
খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ। তিনি বলেন, আমরা নতুন শিক্ষামন্ত্রীর কাছেও এই বিষয়টি জানাব এবং দোষীদের শাস্তি দাবি করব। এদিকে, মঙ্গলবার বিজেপির শিক্ষা সেলের প্রতিনিধিরা তাঁর সঙ্গে দেখা করেছেন বলে জানান কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ ভুঁইয়া। এই বিষয়ে বিধায়ক সমীর পাঁজার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।