কার্গিল: প্রবল ঠান্ডায় লাদাখের স্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের (এলএএইচডিসি) ভোট ঘোষণা ঘিরে উত্তপ্ত কার্গিল। মঙ্গলবার সেখানে পালিত হয়েছে বন্ধ। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ প্রায় সবই বন্ধ ছিল। রাস্তায় যান চলাচল ছিলও হাতেগোনা। অশান্তির আশঙ্কায় বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে হাসপাতাল, জল পরিষেবা ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল।
এদিন কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (কেডিএ)-এর ব্যানারে বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এই বন্ধের ডাক দেন। পাশাপাশি ভোটের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার দাবি ও ডিলিমিটেশনে অনিয়মের অভিযোগ তুলে সন্ধ্যায় মোমবাতি মিছিলও করেন তাঁরা। কেডিএ-র সহ সভাপতি সাজ্জাদ কারগিলি তোপ দেগে বলেন, এদিন বিকেল পাঁচটা পর্যন্ত কার্গিলের সর্বত্র শান্তিপূর্ণভাবে বন্ধ পালিত হয়েছে। প্রশাসন একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। ডিলিমিটেশন নিয়েও মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। শীতে ভোট করা নিয়ে মানুষের অসুবিধার কথা জানিয়ে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনাকে চিঠি দিয়েছিলেন লাদাখের সাংসদ মহম্মদ হানিফা জন। তিনি বলেন, শীতে ভারী তুষারপাত ও হিমাঙ্কের নীচে চলে যায় তাপমাত্রা। রাস্তাঘাট বরফে মুড়ে থাকায় ভোটকেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের সমস্যা হয় সবথেকে বেশি। এই কারণে গণতান্ত্রিক অধিকার থেকে অনেকেই বঞ্চিত হতে পারেন। উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বর কেন্দ্রশাসিত লাদাখ অঞ্চলে কারগিল সহ ৮টি স্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন।



