বেহাল-অপরিচ্ছন্ন পার্ক শিশুদের জন্য খেলার উপযোগী করার দাবি
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: শিশুদের খেলাধুলোর জন্য তৈরি হয়েছিল শিশুউদ্যান। সেখানে বসানো হয়েছিল চেয়ারসহ নানা খেলার সরঞ্জাম। উদ্যানের প্রবেশপথে বসানো হয়েছিল বড় গেট। যদিও বর্তমানে এই শিশুউদ্যানটির অপরিচ্ছন্ন এবং বেহাল দশা। অবিলম্বে সেটি পরিষ্কার, পরিচ্ছন্ন করে শিশুদের খেলার উপযোগী করে তোলার আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

কয়েক বছর আগে উলুবেড়িয়া ২ পঞ্চায়েত সমিতির তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কুলগাছিয়ার শ্রীরামপুর মৌজায়, ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে একটি শিশুউদ্যান গড়ে তোলা হয়। শিশুদের জন্য উদ্যানটির দেওয়ালে আঁকা হয়েছিল ছবি। ছিল খেলাধুলোর জন্য একাধিক সরঞ্জাম। চেয়ারও বসানো হয়েছিল। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে শিশুউদ্যানটি অপরিষ্কার, অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে। ভিতরে ঘাস, আগাছা ভর্তি। চেয়ারের লোহার হাতলে জং পড়েছে। কোথাও চেয়ার ভেঙেও গিয়েছে। শুধু তাই নয়, ভিতরে বিভিন্ন জায়গায় জলও জমে আছে। ফলে শিশুদের খেলাধুলোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, শিশুউদ্যানটি তৈরির পর প্রথম প্রথম রক্ষণাবেক্ষণ হত। কিন্তু তারপরে সেসব বন্ধ হয়ে যাওয়ায় উদ্যানটি বর্তমানে বেহাল অবস্থায় দাঁড়িয়েছে। শিশুউদ্যানের গেট বন্ধ থাকে না। তাই বিভিন্ন সময়ে গৃহপালিত প্রাণীরা ভিতরে ঢুকে পড়ে। শিশুদের স্বার্থে উদ্যানটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এনিয়ে তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মহসিন মোল্লা বলেন, মাঝেমধ্যেই শিশুউদ্যানটি পরিষ্কার করা হয়। তবে বর্তমান বেহাল দশার কথা জানা ছিল না। ফের সেটি পরিষ্কার করে দেওয়া হবে।