বর্ধমান-আসানসোল রুটে খানা জংশনে লোকাল ট্রেনের স্টপেজ বাড়ানোর দাবি
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: বর্ধমান-আসানসোল রুটে অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন খানা জংশন। এখান থেকে ট্রেন বদল করে একদিকে বোলপুর, রামপুরহাট অন্যদিকে দুর্গাপুর, আসানসোল পর্যন্ত যাওয়া যায়। কিন্তু যাত্রীদের অভিযোগ, জংশন স্টেশন থেকে গাড়ির সংখ্যা খুবই কম। দীর্ঘক্ষণ বসে থাকতে হয়। বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, ওই রুটে মেমু ট্রেন চালানো হয়। মেমু ট্রেনের ডিমান্ড পাঠানো হয়েছে। ট্রেন এলে যে সব সেকশনে দরকার সেখানে ব্যবস্থা করা হবে।     

Advertisement

খানা জংশনের উপর দিয়ে গিয়েছে হাওড়া-দিল্লি ও রামপুরহাট রেল লাইন। বন্দে ভারত, অমৃত ভারত, রাজধানী এক্সপ্রেস সহ বহু দূরপাল্লার ট্রেন যাতায়াত করে। এছাড়া বহু এক্সপ্রেস, আসানসোল-বর্ধমান লোকাল, রামপুরহাট-বর্ধমান লোকালও চলে। কিন্তু খানা জংশন স্টেশনে নেমে অন্য লাইনে ট্রেন পরিবর্তন করতে গিয়ে সমস্যায় পড়েন যাত্রীরা। ৬৩৫০৬ আসানসোল বর্ধমান লোকাল খানা জংশনে ট্রেন আসে সকাল ৬টা ৩৫ মিনিটে। অন্যদিকে ৬৩০৬৩ বর্ধমান-সাহেবগঞ্জ মেমু খান জংশন থেকে বেরিয়ে যায় সময় ৬টা ২১ মিনিটে। যাত্রীরা জানান, ওই লোকাল না পেলে ৬৩৫৮১ বর্ধমান-রামপুরহাট লোকালের জন্য দীর্ঘ আড়াই ঘণ্টা অপেক্ষা করতে হয়। খানা জংশনে ওই ট্রেনের সময় সকাল ৯টা ১৬ মিনিটে। রামপুরহাট লাইনের ভেদিয়ার বাসিন্দা সুব্রত দাস বলেন, খানা নামেই জংশন স্টেশন। আসানসোলের দিক থেকে এলে খানায় বদলানোর গাড়ির সংখ্যা হাতে গোনা। সকাল ৯টা ১৬ মিনিটের গাড়ি বেরিয়ে গেলে প্রায় পাঁচ ঘণ্টা বসে থাকতে হয়। কারণ পরের ট্রেন বেলা ১টা ৫৪ মিনিটে। অবিলম্বে লোকালের সংখ্যা বাড়ানো প্রয়োজন। যাত্রীদের অভিযোগ, অনেকে খানা জংশন স্টেশনে না নেমে বর্ধমান পর্যন্ত চলে যান। পরে বর্ধমান থেকে  রামপুরহাটগামী এক্সপ্রেস ট্রেনে গন্তব্যে যান। তাতে ভাড়াও অনেক বেশি লাগে।  গুসকরার বাসিন্দা সুবীর রানা বলেন, অনেকেই কাজের প্রয়োজনে এই এলাকা থেকে আসানসোল, দুর্গাপুরে যান। কিন্তু বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারের আগে ট্রেন নেই। ওই ট্রেন খানায় আসে সকাল ৭টা ২৫ মিনিটে। আমাদের এলাকার বাসিন্দাদের দাবি, বিশ্বভারতীর আগে একটি ট্রেন দেওয়া হোক। তাতে হাওড়ার পাশাপাশি খানায় নেমে দুর্গাপুর যেতেও সুবিধা হবে।