কলকাতা, ৮ নভেম্বর: স্বঘোষিত ধর্মগুরু ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবাকে গ্রেপ্তারের দাবি উঠল। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে কলকাতায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আজ, মঙ্গলবার যুব কংগ্রেসের তরফে ভবানীপুর থানায় এই অভিযোগ দায়ের করা হয়। স্বঘোষিত এই ‘বাবা’র বিরুদ্ধে বাঙালি ভাবাবেগে আঘাতের অভিযোগ আনা হয়েছে বলে সূত্রের খবর।
বাঙালিরা ‘ভণ্ড’। দুর্গাপুজোয় তাঁদের খাওয়া-দাওয়া মানেই ‘গন্দে গন্দে ভোজন’! সম্প্রতি হাওড়ায় এক ধর্মসভায় এই দাবি করেন ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবা। আর তাতেই রাজ্যজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এদিন দুপুরে যুব কংগ্রেসের তরফে ভবানীপুর থানার বাইরে বিক্ষোভ দেখানো হয়। পোড়ানো হয়েছে বাগেশ্বর বাবার ছবি। এর পরে একটি প্রতিনিধিদল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।