সংবাদদাতা, ময়নাগুড়ি: শীতের মরশুম শুরু হতে না হতেই ময়নাগুড়ি বাজারে ভুটানের কমলালেবুর চাহিদা বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই। রসালো, মিষ্টি স্বাদের এই কমলালেবু কিনতে ক্রেতাদের আগ্রহ থাকলেও এই বছর বাজারে জোগান তুলনামূলক কম। গত বছরের তুলনায় ভুটানে কমলালেবুর ফলন কম হওয়ায় বাজারে আমদানিও সেভাবে হচ্ছে না বলে জানা গিয়েছে। আর তার জেরে বেড়েছে কমলালেবুর দাম। তবে দাম বাড়লেও চাহিদায় বিশেষ ভাটা পড়েনি বলেই জানাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানিয়েছেন, গত বছরের তুলনায় এই বছর কমলালেবুর দাম বেশি। পর্যাপ্ত আমদানি না হওয়ায় বাজারে জোগানের ঘাটতি রয়েছে। ফলে দাম বাড়লেও ক্রেতারা ভুটানের কমলালেবু কিনতে আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু ফলন কম হওয়ায় ব্যবসায়ীদেরও চাহিদা অনুযায়ী কমলালেবু সরবরাহ করতে সমস্যায় পড়তে হচ্ছে। কমলালেবুর ফলন কমার এর পিছনে একাধিক কারণ রয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলা উদ্যানপালন দপ্তরের আধিকারিক দীপক সরকার। তিনি জানান, পাহাড়ের বহু কমলালেবুর গাছ বেশ পুরনো হয়ে গিয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে রোগ ও পোকার আক্রমণও দেখা যাচ্ছে। ফলে গাছগুলির সঠিক পরিচর্যা প্রয়োজন। পুরনো গাছ এবং রোগ পোকার আক্রমণ ফলন কমার অন্যতম কারণ। এছাড়াও পাহাড়ি এলাকায় কৃষকদের মধ্যে দারচিনি চাষের প্রবণতা বাড়ছে। অনেক কৃষক কমলালেবু চাষের পরিবর্তে দারচিনি চাষের দিকে ঝুঁকছেন। ফলে কমলালেবু চাষের পরিমাণও কমছে। সব মিলিয়ে ফলন হ্রাস এবং আমদানিতে ঘাটতির প্রভাব পড়েছে ময়নাগুড়ি বাজারে। চাহিদা থাকলেও জোগান কম, আর সেই কারণেই এই বছর ভুটানের কমলালেবুর দাম ঊর্ধ্বমুখী।



