সংবাদদাতা, ধূপগুড়ি: ধূপগুড়ির দইখাওয়া নদীর উপর সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। ফলে ধূপগুড়ি থেকে কালীরহাট হয়ে গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতে যাওয়ার রাস্তা বন্ধ। যেতে হচ্ছে অনেকটা ঘুরপথে। আর এর ফলে সময় বেশি লাগার পাশাপাশি বাড়ছে দুর্ভোগ। এই হয়রানি কমাতে দ্রুত সেতু সংস্কারের দাবি করেছেন স্থানীয়রা। তবে টোটো, বাইক সেতুটির উপর দিয়ে যাতায়াত করতে পারে। গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয়চন্দ্র রায় বলেন, সেতুটি দুর্বল হয়ে যাওয়ায় ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের গোষ্ঠীনীলা সংলগ্ন এলাকায় দইখাওয়া নদীর উপর সেতুটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল। এমন অবস্থা যে একটি পিকআপ ভ্যান সেতুর উপর দিয়ে চললেও কেঁপে উঠত। এক বছর ধরে এভাবেই চলছিল যাতায়াত। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে সেতুটি আরও বিপজ্জনক হয়ে পড়ে। বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় সম্প্রতি এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। তবে টোটো, বাইক সেতুটির উপর দিয়ে যাতায়াত করতে পারে। ফলে গধেয়ারকুঠি থেকে কালীরহাট হয়ে ধূপগুড়ি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে পড়ে পণ্যবাহী গাড়িগুলির। বাধ্য হয়েই এখন ডাউকিমারি হয়ে গধেয়ারকুঠি এলাকায় যেতে হচ্ছে। অতিরিক্ত ১০ থেকে ১৫ কিলোমিটার ঘুরতে হচ্ছে স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা নবীন রায়, জয়ন্ত রায়’রা বলেন, অনেকদিন আগে থেকেই সেতুটি সংস্কারের কথা বলা হয়েছিল। কিন্তু কেউই কর্ণপাত করেনি। বাধ্য হয়েই এখন অনেকটা পথ ঘুরে আসতে হচ্ছে। দ্রুত সেতুটি সংস্কার করার দাবি তুলেছি আমরা।
তবে শীঘ্রই সেতু সংস্কারের আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের প্রতিনিধি। জেলা পরিষদ সদস্য মমতা বৈদ্য বলেন, সমস্যা জানতে পেরে ইঞ্জিনিয়ারকে চিঠি এবং ছবি পাঠিয়েছি। যত দ্রুত সম্ভব কাজ করে দেওয়া হবে।