হিলি, তুরা হয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সড়ক, রেল ও বিমান পরিষেবা চালুর দাবি
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হিলি: উত্তর-পূর্ব ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থা দ্রুত ও সহজ করতে বাংলাদেশের ভূ-খণ্ডের মধ্য দিয়ে প্রস্তাবিত করিডর দ্রুত চালুর আবেদন জানানো হল। ভারত ও বাংলাদেশ দুই দেশের হাইকমিশনারের কাছে স্মারকলিপি দিল জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডর ফ্রম বালুরঘাট-হিলি টু মহেন্দ্রগঞ্জ-তুরা (মেঘালয়) থ্রু বাংলাদেশ। পশ্চিমবঙ্গের হিলি-বালুরঘাট থেকে মেঘালয়ের তুরা পর্যন্ত আন্তর্জাতিক সড়ক ও রেল করিডর চালুর দাবি বাস্তবায়নে কমিটির সদস্যরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন। সম্প্রতি দেওয়া স্মারকলিপিতে সড়ক ও রেল যোগাযোগ সহ এই পথে বিমান পরিষেবা চালুর ব্যবস্থা চালু করার দাবিও জানান হয়েছে।

Advertisement

কমিটির সদস্যদের মতে, প্রস্তাবিত করিডরে বাংলাদেশের ঘোড়াঘাট, পলাশবাড়ি ও গাইবান্ধা হয়ে মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ পর্যন্ত দৈর্ঘ্য ১০০ কিলোমিটারের কিছু বেশি। কমিটির সদস্যদের দাবি, করিডর চালু হলে পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। তাঁরা মনে করছেন, এই পথে কলকাতা থেকে মেঘালয়, ত্রিপুরা ও অসমের বরাক উপত্যকায় যাতায়াতের দূরত্ব প্রায় ৬০০-৭০০ কিলোমিটার পর্যন্ত কমতে পারে। ফলে যাতায়াতের জন্য সময় ও পণ্য পরিবহণের খরচ অনেকটা কমবে। পাশাপাশি শিলিগুড়ির চিকেন নেকের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প সড়ক ও রেল যোগাযোগের সুযোগ তৈরি হবে।
কমিটির মতে, এই প্রকল্প ভারত ও বাংলাদেশ উভয় দেশের পক্ষে লাভজনক। আন্তর্জাতিক যাত্রী ও পণ্য পরিবহণের মাধ্যমে বাংলাদেশের রাজস্ব আয় বাড়বে। পাশাপাশি করিডরের আওতায় থাকা একাধিক জেলার সড়ক, সেতু, রেল ও পরিবহণ পরিকাঠামোর উন্নয়ন ঘটবে। নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। অন্যদিকে, দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে মেঘালয়ের গারো পাহাড়  অঞ্চলে ব্যবসা বাণিজ্য, শিল্প, পর্যটনে প্রসার ঘটবে। করিডর চালুর দাবিকে সামনে রেখে বিভিন্ন সময়ে দুই দেশের জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও সরব হন।
প্রস্তাবিত করিডর চালু হলে দুই দেশের সীমান্তবর্তী এলাকার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে। দীর্ঘদিনের দাবিকে বাস্তবায়িত করতে দুই দেশের সরকারের পাশাপাশি কূটনৈতিক মহলে সক্রিয় হস্তক্ষেপ চেয়ে করিডর কমিটির প্রতিনিধিরা গত ৩০ অক্টোবর ভারত ও বাংলাদেশ দুই হাইকমিশনারের কাছেই স্মারকলিপি প্রদান করেছেন বলে জানা গিয়েছে।
করিডর কমিটির আহ্বায়ক ড. নবকুমার দাস জানান, দাবিকে সামনে রেখে ৩০ অক্টোবর ভারত ও বাংলাদেশ দুই হাইকমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছি। উভয় দেশের সরকারের কাছে বিষয়টি তুলে ধরে দ্রুত করিডর অনুমোদন ও বাস্তবায়নের জন্য তাঁদের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। দুই দেশের মধ্যে বিস্তারিত যৌথ সম্ভাব্যতা সমীক্ষা, বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল) মোটর ভেইকেলস চুক্তির আওতায় সড়ক করিডরকে অন্তর্ভুক্ত করা ও সরাসরি রেল যোগাযোগ চালুর বিষয়ে আলোচনা শুরুর আবেদন জানানো হয়েছে। পরবর্তীতে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকে বিষয়টিকে আলোচ্য সূচিতে রাখার দাবি জানিয়েছি।