সংবাদদাতা, তেহট্ট : তেহট্টের আম পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। প্রতিদিন আট থেকে দশ ট্রাক আম ভিনরাজ্য ছাড়িয়ে নেপালেও পাড়ি দিচ্ছে। অন্যবার আম রপ্তানি হলেও তা ছিল বেশ কম। এখানকার আমের চাহিদা দিন দিন ভিন রাজ্যে বাড়তে থাকায় খুশি ব্যবসায়ীরা। রপ্তানির পাশাপাশি ভাল দাম পাচ্ছেন তাঁরা। সেই কারণে আমের কারবার করে লাভের মুখ দেখছেন ব্যবসায়ীরা। তেহট্ট হাউলিয়া পার্ক মোড় থেকে পি ডবলু ডি মোড়ের মধ্যে বেশ কয়েকজন আম ব্যবসায়ী রয়েছেন। সেখানে সকাল বা রাতে গেলে দেখা যাবে যে বিভিন্ন রাজ্য সহ নেপাল যাওয়ার জন্য ট্রাকে আম ভরার কাজ চলছে। আম বাইরের রাজ্যে যাওয়ায় কর্মসংস্থান হয়েছে এলাকার বেকার যুবকদের। আম ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, আগে এত পরিমাণ আম বাইরের রাজ্যে যেত না। এখন এই এলাকার আমের চাহিদা বিভিন্ন রাজ্যে বেড়েছে। সেই কারণে অনেক বেশি ট্রাক ভর্তি আম নিয়ে বাইরের রাজ্যে পাড়ি দিচ্ছে। তাঁরা বলেন, এই আম আগে যেত শুধু ঝাড়খণ্ডে। এখন যাচ্ছে উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি, গুজরাট, বিহার, কাশ্মীর এমনকি নেপালেও। এবার বাইরের রাজ্যে আমের দাম ৮০ টাকা থেকে ১২০ টাকা কেজি রয়েছে। সবজি ও ফলের আড়তদার অজয় মাল বলেন, আমাদের এলাকায় অনেক বড়ো বড়ো আম বাগান আছে। সেই বাগান মালিকদের সঙ্গে যোগাযোগ করে আম কিনে নিয়ে আসি। সেই আম ঝাড়াই বাছাই করে ক্যারেট ভরতি হয়। বাইরের রাজ্যে ও নেপালে এখন যে আমের চাহিদা আছে তা হল হিমসাগর, বিশ্বনাথ, ল্যাংড়ার। এবার বাইরের রাজ্যে আমের চাহিদা ও দাম দুই ভালো আছে। তাতে লাভের মুখ দেখা যাচ্ছে। নিজস্ব চিত্র



