Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মানকর স্টেশনে সিউড়ি-শিয়ালদহ মেমু এক্সপ্রেসের স্টপেজের দাবি

মানকর স্টেশনে সিউড়ি-শিয়ালদহ মেমু এক্সপ্রেসের স্টপেজের দাবি তুললেন বাসিন্দারা। সরাসরি শিয়ালদহ যাওয়ার কোনও ট্রেন মানকর স্টেশনে থামে না।

মানকর স্টেশনে সিউড়ি-শিয়ালদহ মেমু এক্সপ্রেসের স্টপেজের দাবি
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: মানকর স্টেশনে সিউড়ি-শিয়ালদহ মেমু এক্সপ্রেসের স্টপেজের দাবি তুললেন বাসিন্দারা। সরাসরি শিয়ালদহ যাওয়ার কোনও ট্রেন মানকর স্টেশনে থামে না। এই ট্রেনটি থামলে সকলের সুবিধা হবে। এলাকার বাসিন্দাদের তরফে রেল কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। এলাকার সাংসদ কীর্তি আজাদের নজরেও বিষয়টি আনা হয়েছে। আসানসোল ডিভিশনের এক আধিকারিক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

Advertisement

১৩১৭৯ ও ১৩১৮০ সিউড়ি-শিয়ালদহ মেমু এক্সপ্রেস ট্রেনটি অন্ডাল, বর্ধমান, ব্যান্ডেল হয়ে সিউড়ি থেকে সরাসরি শিয়ালদহে যায়। ওই শাখাতেই আবার শিয়ালদহ থেকে সিউড়ি যায়। ট্রেনটি চালু হওয়ার সময় মানকরের বাসিন্দারা আশা করেছিলেন এখানে স্টপেজ দেওয়া হবে। কিন্তু, স্টপেজ দেওয়া হয়নি। ফলে সমস্যায় পড়ছেন যাত্রীরা। স্থানীয় বাসিন্দারা জানান, মানকর স্টেশনের উপর গলসি-১ ও আউশগ্রাম-২ ব্লকের অমরাগড়, ভাতকুণ্ডা, সুয়াতা সহ জঙ্গলমহলের একাধিক গ্রামের মানুষ নির্ভর করেন। তাছাড়া মানকরে রয়েছে একাধিক ব্যাঙ্ক, স্বাস্থ্যকেন্দ্র, দু’টি উচ্চ বিদ্যালয়, একাধিক প্রাথমিক বিদ্যালয়, কলেজ এবং বেশ কিছু সরকারি দপ্তর। ফলে নিত্যদিন বহু মানুষ মানকরে যাতায়াত করেন। যাতায়াতের অন্যতম মাধ্যম ট্রেন। অথচ গুরুত্বপূর্ণ এই স্টেশনে সিউড়ি শিয়ালদহ মেমু এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হয়নি। ভোর ৫টা ১০ মিনিটে সিউড়ি থেকে ছেড়ে ট্রেনটি শিয়ালদহ পৌঁছয় সকাল ১০টা ০৫ মিনিটে। ফেরার সময় বিকেল ৫টা ১৭ মিনিটে ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়ে। 
মানকরের বাসিন্দা অশোক চক্রবর্তী বলেন, এই এলাকা থেকে বহু মানুষ কল্যাণী এইমস, ব্যারাকপুরে চিকিৎসার জন্য যান। সরাসরি শিয়ালদহ লাইনের ট্রেন না থামার জন্য এলাকার বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হয়। রোগী নিয়ে একাধিকবার ট্রেন পরিবর্তন করতে হয়। গন্তব্যে পৌঁছতে বর্ধমান, ব্যান্ডেল, নৈহাটিতে ট্রেন পরিবর্তন করতে হয়। এই ট্রেনটি মানকরে স্টপেজ দিলে সরাসরি শিয়ালদহ যাওয়া যাবে। 
মানকরের এক বাসিন্দা জানান, আরটিআই করে জানা গিয়েছে, মানকর স্টেশনে গড়ে মাসিক টিকিট বিক্রি হয় প্রায় ১৫ লক্ষ টাকার। ওই ট্রেনটি স্টপেজ দিলে টিকিট বিক্রির পরিমাণ একলপ্তে অনেকটাই বেড়ে যাবে। রেলের আয় বাড়বে। স্থানীয়রা জানান, মানকরের পাশে বুদবুদে রয়েছে সেনা ছাউনি। বহু সেনা জওয়ান মানকর স্টেশন থেকে ট্রেন ধরে গন্তব্যে যান। কিন্তু, সরাসরি শিয়ালদহ যাওয়ার ট্রেন এখানে থামে না। 
বুদবুদের বাসিন্দা রূপম ভৌমিক বলেন, এলাকার বহু মানুষ ব্যবসার কাজে নিয়মিত শিয়ালদহ যান। কিন্তু, মানকর স্টেশনে এই ট্রেনের স্টপেজ নেই। ফলে প্রায় ১০ কিলোমিটার দূরে পানাগড় স্টেশন অথবা লোকাল ট্রেনে বর্ধমান গিয়ে সেখান থেকে শিয়ালদহ যাওয়ার জন্য ট্রেন বদল করতে হয়। তাতে সময় এবং খরচ দুয়েরই অপচয় হয়। মানকর স্টেশনে এই মেমু এক্সপ্রেসের স্টপেজ দিলে বুদবুদ সহ সংলগ্ন এলাকার বাসিন্দারা উপকৃত হবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ