সংবাদদাতা, সিউড়ি: শনিবার থেকে শুরু হল প্রেমের সপ্তাহ। পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে গত কয়েক বছর ধরেই দেশ-রাজ্যের মতো সিউড়িতেও এই সপ্তাহ পালনের চল বেড়েছে। প্রিয়জনকে উপহার দিয়ে ভালবাসার প্রকাশ ঘটানোর উদ্দেশ্যেই এই সপ্তাহের প্রতি দিন আলাদা আলাদা উপহারের জন্য নির্দিষ্ট। সেই তালিকা অনুযায়ী এদিন ছিল ‘রোজ ডে’—গোলাপ দিয়ে প্রেম প্রকাশের দিন। আর এই বিশেষদিনে সিউড়ি শহরের ফুলের দোকানগুলিতে ব্যাপকভাবে লাল গোলাপের চাহিদা দেখা গিয়েছে। তাতেই খুশি বিক্রেতারা।
শহরের প্রধান ডাকঘরের সামনে একাধিক ফুলের দোকানে এদিন সকাল থেকেই সাজানো ছিল হরেক রঙের গোলাপ। যার মধ্যে লাল গোলাপের সংখ্যাই ছিল বেশি। ব্যবসায়ীরা জানান, রোজ ডে-কে মাথায় রেখে সাধারণ দিনের তুলনায় বেশি সংখ্যায় গোলাপ আমদানি করা হয়েছিল। আর আশা মতো সেই ফুলের বিকিকিনিও হয়েছে ভালো রকম।
ফুল ব্যবসায়ী খোকন ধীবর জানান, কয়েকদিন আগেও প্রতিটি গোলাপের দাম ছিল ৫-৭ টাকা৷ এদিন সেটাই বেড়ে দাঁড়িয়েছে ১৫-২০ টাকা। অন্যদিকে, বড় থোকার বেঙ্গালুরু গোলাপ যেখানে কয়েকদিন আগেও ৩০-৪০ টাকা দরে বিকিয়েছে। সেখানে এদিন বেঙ্গালুরু গোলাপের দাম দাঁড়িয়েছে ৬০ থেকে ৭০ টাকায়। খোকন বলেন, একদিকে চলছে বিয়ের বাজার অন্যদিকে, ভ্যালেন্টাইন সপ্তাহ মিলিয়ে এখন ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। তবে শনিবার সবচেয়ে বেশি চাহিদা ছিল গোলাপেরই। অন্যদিন যেখানে ১২-১৫টা গোলাপ বিক্রি হয়, সেখানে এদিন সকালেই ৭০টিরও বেশি গোলাপ বিক্রি হয়েছে। বিকেলের দিকেও বিকিকিনি হয়েছে ভালো রকম।
ওই এলাকার আরেক ফুল বিক্রেতা কার্তিক ধীবরের কথায়, বেঙ্গালুরু গোলাপের দাম আকার অনুযায়ী ৭০ টাকা পর্যন্ত উঠেছে শনিবার। এবছর গোলাপের চাহিদা গত কয়েক বছরের তুলনায় অনেকটাই বেশি বলেও জানান কার্তিক। তিনি বলেন, বিয়ে ও রোজ ডে মিলিয়ে প্রচুর ফুল বিক্রি হচ্ছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে গোলাপ। এমনকি, অন্যদিন সারাদিনে ১০০টি গোলাপ বিক্রি হয়, সেখানে এ দিন গোলাপের বিক্রি ৫০০ ছাড়িয়েছে। এদিন গোলাপের চাহিদা আন্দাজ করতে আগে থেকেই অর্ডারও নেওয়া হয়েছিল বলে জানান ওই ফুল বিক্রেতা।
বাজারে গোলাপ কিনতে আসা কলেজ পড়ুয়া সায়ন দত্ত জানান, সময়ের সঙ্গে সঙ্গে ভালবাসা প্রকাশের ধরনও বদলাচ্ছে। তাঁর কথায়, আজ গোলাপ দেওয়ার বিশেষ দিন বলে কিনলাম। তবে এখন সবকিছুই অনেকটা ভার্চুয়াল হয়ে যাচ্ছে। তাই আগের মতো দেখা হলেই গোলাপ দেওয়ার চল কমে গিয়েছে। কিন্তু এই বিশেষ দিনে একটা গোলাপ হাতে তুলে না দিলে চলে। এই একটা দিন ফুলের দাম যেমনই থাক, গোলাপ কিনতেই হবে। বিক্রেতারা জানান, চাহিদার থেকে যোগান কম থাকায় দাম বেড়েছে। তবে, এই চাহিদা পুরো সপ্তাহ ধরে চলবে। কেবল রোজ ডে নয়, ভ্যালেন্টাইন্স ডে -তেও গোলাপ ফুলের ব্যাপক চাহিদা
থাকে। -নিজস্ব চিত্র