সংবাদদাতা, উলুবেড়িয়া: দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখায় অনিয়মিত ট্রেন চলাচল নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। সে কথা মাথায় রেখে ২১ জুলাই শহিদ দিবসে সঠিক সময়ে ট্রেন চালানোর দাবি তুলল তৃণমূল। এই দাবিতে বুধবার উলুবেড়িয়ায় রেলের বিভিন্ন স্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রসের সহ সভাপতি অভয় দাস, সাধারণ সম্পাদক ইনামুর রহমান সহ অন্যান্যরা।
তৃণমূলের দাবি, প্রতি বছর ২১ জুলাই হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সড়কপথে, নদীপথের পাশাপাশি রেলপথেও হাজার হাজার নেতা-কর্মী ধর্মতলার উদ্দেশে রওনা দেন। সেইমতো এবারও এইসব পথে তাঁরা ধর্মতলার উদ্দেশে রওনা দেবেন। তবে যাতায়াতের ক্ষেত্রে রেল পরিষেবার বিষয়টি বেশি ভাবাচ্ছে তৃণমূল নেতৃত্বকে। জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দক্ষিণ-পূর্ব রেলের এই পথে ট্রেন চলাচল অনিয়মিত। লোকাল ট্রেন হাওড়ায় ঢুকতে দু’ থেকে আড়াই ঘণ্টা দেরি হচ্ছে। ফলে ২১ জুলাই ট্রেন চলাচলের বিষয়ে আমরা বেশি চিন্তিত। তৃণমূল নেতৃত্বের দাবি, বৈঠকে আগামী সোমবার নির্ধারিত সময় মেনে ট্রেন চালানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি স্টেশনে মাত্রাতিরিক্ত ভিড় হওয়ার কারণে রেল পুলিস ও জিআরপিকে বাড়তি নজরদাড়ি চালানোর অনুরোধ করা হয়। সোমবার ইচ্ছাকৃতভাবে ট্রেন চলাচলে দেরি করা হলে বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নেতৃত্ব।