Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খানাকুলে নৌকা চালানোর দাবি, রাজ্য সড়ক অবরোধ

কয়েক দিনের বৃষ্টিতে জলস্তর বেড়েছে কানা দ্বারকেশ্বর নদে। জলের তোড়ে ভেঙে গিয়েছে কজওয়ে। ফলে যাতায়াতে সমস্যায় পড়ছেন একাধিক গ্রামের বাসিন্দারা।

খানাকুলে নৌকা চালানোর দাবি, রাজ্য সড়ক অবরোধ
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: কয়েক দিনের বৃষ্টিতে জলস্তর বেড়েছে কানা দ্বারকেশ্বর নদে। জলের তোড়ে ভেঙে গিয়েছে কজওয়ে। ফলে যাতায়াতে সমস্যায় পড়ছেন একাধিক গ্রামের বাসিন্দারা। দ্রুত নৌকা পরিষেবা চালুর পাশাপাশি স্থায়ী সেতুর দাবিতে রবিবার সকালে খানাকুলের হেলান বাজারে অবরোধ বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তার জেরে খানাকুল-পুরশুড়া রাজ্য সড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। পরে খানাকুল থানার পুলিস ও রামমোহন-২ পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ সেখানে যান। তাঁরা নৌকা পরিষেবা চালুর আশ্বাস দিলে অবরোধ ওঠে। পুলিস জানিয়েছে, নৌকার দাবি প্রশাসনকে জানানো হয়েছে। খানাকুল-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মিন্টু পাল বলেন, বাসিন্দারা যাতায়াত করতে সমস্যায় পড়েছেন। তাই নৌকার ব্যবস্থা করা হচ্ছে। সেতু তৈরির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। 

Advertisement

কানা দ্বারকেশ্বর নদের দু’পাশে একাধিক গ্রাম ও জনপদ রয়েছে। হেলান ও খামারগোড়ি গ্রামের মাঝ দিয়ে বয়ে গিয়েছে ওই কানা দ্বারকেশ্বর। মুণ্ডেশ্বরী নদীতে গিয়ে তা মিশেছে।  ওই নদী পেরিয়েই বাসিন্দারা হেলান বাজারে বিভিন্ন প্রয়োজনে আসেন। বাজারের পাশাপাশি স্কুল, ব্যাঙ্ক সহ নানা প্রশাসনিক কাজেও নদী পেরিয়ে যাতায়াত করতে হয়। চাষের কাজেও নদী পারাপার প্রয়োজন। কিন্তু, চলতি বর্ষার মরশুমে নদীর মাঝে থাকা হিউম পাইপের উপর থাকা ঢালাই রাস্তা বেহাল হয়ে পড়েছে। ফলে যাতায়াত নিয়ে চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা। তাই এদিন অবরোধ করে বাসিন্দারা বিক্ষোভ দেখান। 
স্থানীয় বাসিন্দা দেবাশিস শেঠ, শেখ আজিজুল রহমান বলেন, দীর্ঘদিন ধরে এই নদ পেরিয়ে আমাদের যাতায়াত করতে হয়। বর্ষার সময় নদীর জল বাড়লে দুশ্চিন্তায় ভুগতে থাকি। আগে নৌকা চলাচল করত। এখন তা বন্ধ হয়ে গিয়েছে। নতুন করে নৌকা পরিষেবা চালুর দাবিতে স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়েছিলেন। 
বাসিন্দাদের দাবি, নদী পেরিয়ে মইখণ্ড, গোবিন্দপুর, খামারগোড়ি, গৌড়ান সহ একাধিক গ্রামের কয়েক হাজার বাসিন্দা যাতায়াত করেন। গত কয়েকদিনে ঝুঁকি নিয়ে নদ পেরতে গিয়ে অনেকেই দুর্ঘটনার কবলে পড়েছেন। অনেকে আবার ১০ কিলোমিটার ঘুরপথে যাতায়াত করছেন। এতে হয়রানি হচ্ছে। একটি নৌকা চললে হয়রানির হাত থেকে রেহাই পাওয়া যেত। কিন্তু, এখনও নৌকা চলাচল শুরু না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। আর স্থায়ী সমাধানের জন্য সেতুর দাবিও রয়েছে। দ্রুত নৌকা চালু না হলে ফের আন্দোলন করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ