গোপাল সূত্রধর, বালুরঘাট: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে চলেছে বালুরঘাটের ঐতিহ্যবাহী বোল্লা রক্ষা কালীমাতার পুজো ও মেলা। এই পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। বিশেষ করে পুজোর ভোগের জন্য বাতাসা ও বিভিন্ন মিষ্টান্নের চাহিদা থাকায় ব্যস্ততা তুঙ্গে মিষ্টি ব্যবসায়ী থেকে শুরু করে কারিগরদের। পুজোর ভোগের জন্য বাতাসা, কদমা, লাড্ডু-সহ নানা ধরনের মিষ্টি তৈরির কাজ চলছে বোল্লাতেই। শুধু তাই নয়, প্রায় এক মাস আগে থেকেই জেলার বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা ভোগের মিষ্টি তৈরির প্রস্তুতি শুরু করেছেন। বোল্লায় কারিগর নিয়ে এসে দিনরাত এক করে চলছে মিষ্টি তৈরির কাজ। পুজোর দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে কাজের চাপ। আগেভাগেই বাতাসা তৈরি করে মজুত করে রাখছেন ব্যবসায়ীরা, যাতে পুজোর সময় চাহিদা অনুযায়ী জোগান দিতে কোনো সমস্যা না হয়। ব্যবসায়ীদের হিসেব অনুযায়ী, বোল্লা কালীপুজো ও মেলার চার দিনে শুধুমাত্র ভোগের বাতাসার চাহিদাই এক হাজার কুইন্টাল। বিপুল পরিমাণ এই চাহিদার কথা মাথায় রেখেই জোরকদমে প্রস্তুতি চলছে।
বোল্লা ঈশ্বরী শ্রীশ্রী রক্ষাকালী মাতা মন্দির ট্রাস্টের এক সদস্য স্বর্ণেন্দু মণ্ডল বলেন, মায়ের পুজোয় ভোগ তৈরির জন্য এবছরও কারিগররা এসেছেন। কেউ কেউ অনেক দিন আগে থেকে এসেই বাতাসা তৈরি শুরু করছেন। এবছর ভিড় বাড়বে, তাই ভোগের চাহিদাও বাড়বে। এছাড়াও সব রকম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবিষয়ে বোল্লা মেলায় আগত এক মিষ্টান্ন কারিগর সমীর মহন্ত বলেন, আমরা সারা বছর একটাই মেলা করি। আমরা ভাইভোঁটার আগেই বোল্লা মেলা চত্বরে এসেছি। সেদিন থেকেই ভোগের বাতাসা ও নানা ধরনের মিষ্টান্ন ভোগ প্রস্তুত করছি। এবছর বহু ভক্ত মেলায় আসবেন। তাই আমরাও এবার সেভাবেই ভোগ প্রস্তুত করছি। আরেক ব্যবসায়ী উদয় রায় বলেন, এবছর মেলায় বেশি মানুষ আসবেন। তাই আমরা আগেভাগেই এখানে এসে ভোগ প্রস্তুত করছি। সমস্ত দোকান মিলিয়ে হাজার কুইন্টাল বাতাসা তৈরি হবে। বোল্লা পুজোর অন্যতম ভোগ বাতাসা বা মিষ্টান্ন ভোগ। তাই পুজোয় বাতাসার জোগান স্বাভাবিক রাখতে এক মাস আগে থেকেই বাতাসা বানানোর প্রস্তুতি শুরু করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ২৭ নভেম্বর বোল্লা মেলা রয়েছে। তার আগে থেকেই বোল্লা মেলা চত্বরে এসে গিয়েছেন ব্যবসায়ীরা। এই জেলা তো বটেই, ভিন জেলা থেকে মিষ্টান্ন ও বাতাসা ব্যবসায়ীরা এসেছেন। অনেকে আবার কারখানা খুলেছেন। আর সেই কারখানাতেই বাতাসা তৈরি করছেন। এবারে মেলা চত্বরে তিনটি কারখানা খুচরো ব্যবসায়ীদের কাছ থেকে অর্ডার নিয়ে বাতাসা তৈরি করছে।



