সংবাদদাতা, আরামবাগ: ছয় বছর ধরে বন্ধ আরামবাগ থেকে পাণ্ডুগ্রাম যাওয়ার বাস। ফলে গন্তব্যস্থলে যেতে স্থানীয় বাসিন্দাদের একমাত্র ভরসা টোটো ও ইঞ্জিনভ্যান। এতে সময়ের পাশাপাশি অতিরিক্ত ভাড়া খরচ হওয়ায় স্থানীয়রা ফের বাস চালুর দাবিতে সরব হয়েছেন। তাঁদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার বিভিন্ন দপ্তরে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এই বিষয়ে স্থানীয় মাধবপুর পঞ্চায়েতের প্রধান শেখ খাদেমুল ওহাব বলেন, বাস চলাচলের দাবি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। যাতে আরামবাগ থেকে পাণ্ডুগ্রাম রুটে খুব তাড়াতাড়ি বাস চালু হয়, তার ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় ও পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, আরামবাগ থেকে পাণ্ডুগ্রামের দূরত্ব ১১ কিলোমিটার। আরামবাগ শহর লাগোয়া এই রুট হওয়ায় রাস্তার পাশে বহু মানুষ বাড়ি তৈরি করে বাস করছেন। রাস্তার দু’দিকে দিঘি, কানপুর, মাধবপুর, এলমা সহ প্রায় ২৫টি গ্রাম রয়েছে। ওই রাস্তা আরামবাগ থেকে পাণ্ডুগ্রাম হয়ে খানাকুলের গড়েরঘাটের সঙ্গে যুক্ত। জানা গিয়েছে, আরামবাগ বাসস্ট্যান্ড থেকে পাণ্ডুগ্রাম রুটে বহু বছর ধরে বাস চলাচল করছিল। কিন্তু আনুমানিক ২০১৮-১৯ সালে ওই রাস্তা প্রচণ্ড খারাপ হয়ে যাওয়ায় সেখানে বাস চলাচল বন্ধ হয়ে যায়। তারপর অবশ্য রাস্তা হলে শুরু হয় টোটোর দাপাদাপি। কিন্তু বাস চলাচল ফের শুরুর উদ্যোগই নেননি বাসমালিকরা।



