নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: পূর্ব রেলের হাওড়া-গোঘাট শাখায় অতিরিক্ত তিনটি ট্রেন বাড়ানোর দাবি জানিয়ে রেলকে চিঠি দিলেন আরামবাগের বিধায়ক বিজেপির মধুসূদন বাগ। মঙ্গলবার সকালে বিধায়ক স্টেশন মাস্টারের কাছে ওই দাবি জানিয়ে চিঠি দেন। মধুসূদনবাবু বলেন, গোঘাট অথবা আরামবাগ থেকে ডাউন হাওড়া যাওয়ার জন্য সকালে ৬টা ১৪ থেকে ৭টা ৪৩ এর মধ্যে একটি ট্রেন দেওয়ার দাবি জানানো হয়েছে। বিকেলে হাওড়া থেকে আপ আরামবাগ অথবা গোঘাট আসার জন্য ৩টে ৫মিনিট থেকে ৪টে ৩০মিনিটের মাঝে একটি লোকাল ট্রেন চালানোর আর্জি জানানো হয়েছে। এছাড়াও রাতে তারকেশ্বর থেকে আরামবাগ আসার জন্য ৮টা ৫মিনিট থেকে ১০টা ২৫মিনিটের মাঝে একটি অতিরিক্ত ট্রেন চালানোর দাবি জানানো হয়েছে।



