২০ হাজার টাকা চাঁদার দাবি,  সিউড়িতে ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: দিনকয়েক আগেই সিউড়ি শহরের বিজেপি প্রভাবিত একটি ক্লাবের পুজো উদ্বোধনে এসেছিলেন রাজ্যের এক মন্ত্রী। তিনি ক্লাবের সদস্যদের দরাজ সার্টিফিকেট দিয়ে বলেছিলেন, সমাজে দুষ্টের দমনের জন্য কিছু দুষ্টু ছেলের প্রয়োজন। মন্ত্রীর সেই প্রশংসাধন্য ‘দুষ্টু ছেলেদের’ বিরুদ্ধেই এবার চাঁদার নামে লাগামছাড়া জুলুম ও তাণ্ডব চালানোর গুরুতর অভিযোগ উঠল সিউড়িতে। অভিযোগ, দাবি মতো ২০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় শনিবার রাতে এক ব্যবসায়ীর বাড়িতে বাঁশ, লাঠি ও ইটপাটকেল নিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। প্রকাশ্যে আসা ওই হামলার ভিডিয়ো ঘিরে শহরজুড়ে ইতিমধ্যেই তুমুল চর্চা শুরু হয়েছে।

Advertisement

আক্রান্ত ব্যবসায়ীর নাম গৌতমকুমার মণ্ডল। সিউড়ি শহরের বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় তাঁর একটি মোবাইল ফোনের দোকান রয়েছে। বাড়ি রবীন্দ্রপল্লি এলাকায়। আতঙ্কিত গৌতমবাবু জানান, বৃহস্পতিবার রাত ১টা নাগাদ তাঁর কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনে সরাসরি হুমকি দেওয়া হয়, ২০ হাজার টাকা চাঁদা না দিলে দোকান খুলতে দেওয়া হবে না। তিনি বলেন, ‘ফোন আসার কিছুক্ষণ পরেই রাত ১টা ২০ নাগাদ একদল যুবক আমার বাড়িতে চড়াও হয়। বাইরে থেকে ভাঙচুর চালায়। বাড়ির বাইরের সব আলো ও ইলেকট্রিক মিটারের বক্স ভেঙে চুরমার করে দেয়। অন্ধকার থাকায় কাউকে চিনতে পারিনি।’ তাঁর অভিযোগ, ওই দুষ্কৃতীরা সামনের বাড়ির দু’টি সিসিটিভি ক্যামেরাও ভেঙে দিয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ আসে ঘটনাস্থলে।
তাণ্ডবের সেই রাতের একটি ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, একদল যুবক ওই ব্যবসায়ীর গেটের বাইরে দাঁড়িয়ে তীব্র গালিগালাজ ও ভাঙচুর করছে। শহরের বাসিন্দাদের একাংশের দাবি, ভিডিয়োতে যে যুবকদের তাণ্ডব চালাতে দেখা যাচ্ছে, তারা বিজেপির এক জেলা পদাধিকারীর মদতপুষ্ট একটি ক্লাবের সদস্য। এমনটি, ভাঙচুরের ঘটনায় বিজেপির যুবমোর্চার এক উঠতি নেতাকেও রীতিমতো সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে বলে অভিযোগ। ওই হামলার ঘটনায় গৌতমবাবু ও তাঁর পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছে। তিনি বলেন, ‘বাড়িতে আমার স্ত্রী ও দুই মেয়ে আছে। পাড়ার লোকজনও আতঙ্কে রয়েছেন। এভাবে বারবার হামলা হলে আমরা কার কাছে যাব, কী নিয়ে বেঁচে থাকব? আমি এর ন্যায় বিচার চাই।’
বিজেপির জেলা সহ-সভাপতি দীপক দাস অবশ্য চাঁদার জুলুমের তত্ত্ব পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, ‘এর সঙ্গে কোনো দল বা ক্লাবের সম্পর্ক নেই। আমি যতদূর জানি, মোবাইল বিক্রি সংক্রান্ত বিষয়ে একজন ক্রেতার সঙ্গে বিক্রেতার ঝামেলা থেকেই এই গন্ডগোল।’
তবে ওয়াকিবহাল মহল অন্য অশনি সংকেত দেখছে। ব্যবসায়ী গৌতমবাবু থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছিলেন। যদিও শুক্রবার বিকাল পর্যন্ত তিনি থানায় কোনো লিখিত অভিযোগ জমা দেননি বলে পুলিশ জানিয়েছে। 
উল্লেখ্য, কিছুদিন আগেই এই রবীন্দ্রপল্লি এলাকাতেই ১০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক লজ ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলেও শেষ পর্যন্ত আতঙ্কে কেউ পুলিশের দ্বারস্থ হয়নি। এক্ষেত্রেও কী সেই একই ভীতির ছায়া? চাঁদার জুলুমের সামনে তবে কী এভাবেই নতজানু থাকতে হবে শহরের ব্যবসায়ীদের? এই প্রশ্নই এখন জোরালো হয়ে উঠছে সিউড়ির নাগরিকদের মনে।