নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাস্তায় নেমে বিক্ষোভ-প্রতিবাদ, আইনি লড়াই? নাকি ঠান্ডা ঘরে বসে শুধু সাংবাদিক সম্মেলন? চাকরিহারাদের নিয়ে আন্দোলনের অভিমুখ ঠিক করতে রীতিমতো দিশাহারা বঙ্গ বিজেপি। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার রায় ঘোষণা হয়েছে গত বৃহস্পতিবার। তারপর কেটে গিয়েছে দু’টো দিন। কিন্তু রায় ঘোষণার দু’দিন পরেও এই ব্যাপারে উল্লেখযোগ্য কর্মসূচি গ্রহণ করতে না পারায় রাজ্য বিজেপির উপর আক্ষরিক অর্থেই তিতিবিরক্ত হয়ে পড়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। শনিবার বিজেপির শীর্ষ সূত্রে এমনই খবর মিলেছে।
বিজেপির অন্দরের খবর, ইতিমধ্যেই এই ব্যাপারে রাজ্য পার্টির কাছে সুস্পষ্ট নির্দেশ পাঠিয়েছেন দিল্লির নেতারা। সেখানে সাফ বলা হয়েছে, এই ইস্যু যেন কোনওমতেই হাতছাড়া করা না হয়। যাবতীয় অভ্যন্তরীণ কোন্দল থামিয়ে চাকরিহারা ইস্যুতে একসুরে সরব হতে হবে দলীয় নেতৃত্বকে। সার্বিক বিষয়টিকেই অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক তথ্যাভিজ্ঞ মহল।
আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। দলের বেহাল সংগঠনের পালে কিছুটা হাওয়া দিতে তাই এই ইস্যুকে আঁকড়ে ধরতে মরিয়া বিজেপি। এই বিষয়ে অবশ্য দলের পক্ষ থেকে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। নামপ্রকাশে অনিচ্ছুক বিজেপি নেতাদের দাবি, আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে বঙ্গ বিজেপির আন্দোলন সেভাবে দানা বাঁধতে পারেনি। সেই রিপোর্ট দিল্লির নেতাদের কাছে আছে। ফলে চাকরিহারাদের বিষয়ে একই ভুলের পুনরাবৃত্তি যাতে আর না হয়, সেটাই মূলত দেখতে বলা হয়েছে রাজ্য পার্টিকে।