Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দিল্লির আম মেলা: মুড়িমুড়কির মতো বিক্রি হুগলির হিমসাগরের, ২ টন শেষ হওয়ায় অতিরিক্ত পাঠানোর আর্জি

দিল্লির আম মেলায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে হুগলির হিমসাগর আম। গত কয়েকদিনে হই হই করে বিকিয়েছে হিমসাগর। এই পরিস্থিতিতে অতিরিক্ত দু’টন আম দিল্লি পাঠানোর অনুমতি চাইছেন জেলা উদ্যানপালন দপ্তরের কর্তারা।

দিল্লির আম মেলা: মুড়িমুড়কির মতো বিক্রি হুগলির হিমসাগরের,  ২ টন শেষ হওয়ায় অতিরিক্ত পাঠানোর আর্জি
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দিল্লির আম মেলায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে হুগলির হিমসাগর আম। গত কয়েকদিনে হই হই করে বিকিয়েছে হিমসাগর। এই পরিস্থিতিতে অতিরিক্ত দু’টন আম দিল্লি পাঠানোর অনুমতি চাইছেন জেলা উদ্যানপালন দপ্তরের কর্তারা। তাঁদের দাবি, হু হু করে হিমসাগর বিকিয়েছে। আট জুলাই পর্যন্ত মেলা চলবে। ফলে বিপুল পরিমাণ বিক্রির সম্ভাবনা আছে। তাই ইতিমধ্যেই আম সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। রাজ্য সরকারের কাছে অনুমোদন পাওয়ার সবুজ সঙ্কেতও মিলেছে। উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, হিমসাগর বিপুল জনপ্রিয়তা পেলেও ল্যাংড়া, চ্যাটার্জি, মল্লিকার মতো আমেরও কদর হয়েছে। সেগুলিও ব্যাপক বিক্রি হয়েছে মেলায়। তাই হিমসাগরের সঙ্গে সেগুলিও দিল্লি পাঠানো হবে।

Advertisement

হুগলি জেলা উদ্যানপালন দপ্তরের জেলা আধিকারিক শুভদীপ নাথ বলেন, হুগলির হিমসাগর এমনিতেই উন্নতমানের এবং স্বাদেও অতুলনীয়। সে কারণেই হিমসাগরের পৃথক পরিচিতি আছে। এবার দিল্লির আম মেলাতে হিমসাগর তাই অধিক জনপ্রিয়তা পেয়েছে। জেলার নিজস্ব আম চ্যাটার্জিও খুব একটা পিছিয়ে নেই। আবার ল্যাংড়া, মল্লিকা ও আম্রপালিও ক্রেতাদের পছন্দ হয়েছে। ইতিমধ্যেই আমাদের দু’টন আম শেষ হয়ে গিয়েছে। আরও বাড়তি দু’টন আম পাঠানোর দাবি এসেছে। রাজ্যকে বিষয়টি জানিয়ে আমরা প্রস্তুতি শুরু করেছি। দিল্লি থেকে হুগলির এক আম চাষি বলেন, হুগলির আম মেলায় খুবই প্রশংসা পেয়েছে। আমাদের হিমসাগর সহ একাধিক আম প্রচুর বিকিয়েছে। সেই কারণেই আরও বাড়তি আম চেয়ে আমরা আবেদন করেছি।
২৪ জুন দিল্লিতে আম মেলা শুরু হয়েছে। বাংলার আম উৎপাদক একাধিক জেলার চাষিদের সেখানে পাঠিয়েছে রাজ্য সরকার। তার মধ্যে হুগলি থেকে চার জন গিয়েছেন। তাঁদের দু’জন সুগন্ধা ও দু’জন তারকেশ্বরের চাষি। প্রথম দফাতে তাঁরা দু’হাজার ২০০ কেজি আম নিয়ে গিয়েছিলেন। চারদিনের মধ্যেই সেই আমের ৯৮ শতাংশ বিক্রি হয়ে যায়। বিশেষ করে হুগলির হিমসাগর দিল্লিবাসী মুড়িমুড়কির মতো কিনেছেন। এরই জেরে আরও আম পাঠানোর আবেদন আম চাষি এবং জেলা উদ্যানপালন দপ্তর রাজ্যের কাছে পেশ করেছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ