নয়াদিল্লি, ৮ নভেম্বর: দীপাবলির সকালেই ভয়াবহ দূষণে ঢাকল দিল্লি। আজল রবিবার সকালে শহরের সামগ্রিক বায়ুর গুণমান সূচক পৌঁছল ৩৮৪-তে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, পরিস্থিতি খুব খারাপ পর্যায়ে। শহরের ২৩টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ১১টিতে একিউআই ৪০০ পার করেছে।
জানা গিয়েছে, সবচেয়ে খারাপ পরিস্থিতি পাঞ্জাবি বাগে। সেখানে একিউআই ৪৫০। দ্বিতীয় স্থানে রয়েছে আরকে পুরম (৪৪৯) এবং তৃতীয় স্থানে আইআইটি দিল্লি(৪৪৬)। দ্বারকায় একিউআই ৪৪৪। আনন্দ বিহারে সকাল প্রায় ৬টায় দূষণ সূচক ছিল ৩২৮।
বিশেষজ্ঞদের মতে, কম বাতাসের গতি, প্রতিকূল আবহাওয়া, যানবাহনের ধোঁয়া, খড় পোড়ানো এবং দীপাবলির বাজির কারণে দূষণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। দিল্লির দূষণে পরিবহণ ক্ষেত্রের অবদান ২১.৪ শতাংশ। অপরদিকে, গতকাল খড় পোড়ানোর অবদান ছিল ১.৭ শতাংশ, যা রবিবার বেড়ে ৫.৪ শতাংশ হতে পারে। পরিস্থিতি সামাল দিতে দিল্লি-এনসিআরে ইতিমধ্যেই জারি হয়েছে গ্র্যাপ এর তৃতীয় পর্যায়ের বিধিনিষেধ। বন্ধ রাখা হয়েছে ধুলোর সৃষ্টি হয় এমন একাধিক নির্মাণকাজ। বিএস ৩ পেট্রোল ও বিএস ৪ ডিজেল গাড়ির চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়েছে নির্দিষ্ট এলাকায়। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য হাইব্রিড ক্লাসের ব্যবস্থাও রাখা হয়েছে ইতিমধ্যেই। দীপাবলির আনন্দের মাঝেই দূষণের এই ভয়াবহ পরিস্থিতি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসন ও পরিবেশবিদদের।



