নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শীর্ষ চারটি পদের মধ্যে তিনটিতেই জয়ী হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। একটিতে জয়লাভ করেছেন নির্দল প্রার্থী। হাড্ডাহাড্ডি লড়াই সত্ত্বেও শেষ রক্ষা করতে ব্যর্থ হয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। তাদের একমাত্র ‘সান্ত্বনা’ ওই নির্দল প্রার্থী এনএসইউআইয়ের প্রাক্তন সদস্য। ছাত্র সংসদ নির্বাচনের আগে তিনি কংগ্রেস শিবির ত্যাগ করে নির্দল হয়ে লড়াই করেছেন! দিল্লিতে সাম্প্রতিক ভবন বিপর্যয় ও জেন জি আন্দোলনের প্রেক্ষিতে এই নির্বাচন ছিল গুরুত্বপূর্ণ। সেখানে জয় হাসিল করল গেরুয়া শিবির।
শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। শনিবার হয়েছে গণনা এবং ফল প্রকাশ। গণনার শুরুতে পদ্মশিবির এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও শেষ পর্যন্ত এগিয়ে যায় বিদ্যার্থী পরিষদই। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ১৪ রাউন্ড ভোট গণনার শেষে ছাত্র সংসদের সভাপতি পদে এবিভিপি এবং এনএসইউআইয়ের মধ্যে ব্যবধান ছিল মাত্র একটি ভোটের। পরের রাউন্ডগুলিতে অবশ্য বিদ্যার্থী পরিষদ এগিয়ে যায়। শনিবার মোট ২০ রাউন্ড গণনার শেষে দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ফল প্রকাশ করা হয়েছে। বিদ্যার্থী পরিষদের ঝুলিতে গিয়েছে সভাপতি, সম্পাদক এবং যুগ্ম সম্পাদকের পদ। এবিভিপির যশ দিবাস, রিয়া চাউরি এবং লক্ষ্যরাজ সিং যথাক্রমে তিনটি শীর্ষ পদে জয়ী হয়েছেন। সভাপতি পদে এবিভিপি পেয়েছে ২৪ হাজার ৫৭৬টি ভোট। সম্পাদক পদে বিদ্যার্থী পরিষদের প্রাপ্ত ভোট ২১ হাজার ৬৫০টি। যুগ্ম সম্পাদক পদে এবিভিপির প্রার্থী পেয়েছেন ১৬ হাজার ৬৪১টি ভোট। নির্দল প্রার্থী দীপাংশু শোকেন জিতেছেন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সহ সভাপতি পদে। এবার তিনি পদ্মশিবিরে যোগ দেবেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। ২০২৫ সালের নির্বাচনেও এবিভিপির ঝুলিতে গিয়েছিল এই সভাপতি, সম্পাদক এবং যুগ্ম সম্পাদকের পদই। সহ সভাপতি পদে জিতেছিল এনএসইউআই। বামেদের ঝুলিও শূন্যই রয়ে গিয়েছে। দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে কোনো বিজয় মিছিলও হয়নি।