সংবাদদাতা, ঘাটাল: দিল্লি বারবার আমাদের বঞ্চনা করেছে, কিন্তু বাংলার রূপকার মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের মানুষের চোখের জল মুছতে নিজের কাঁধেই মাস্টার প্ল্যানের দায়িত্ব তুলে নিয়েছেন। বুধবার ঘাটাল ব্লকের সুলতানপুর ও হরিসিংহপুরে দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত পথসভা থেকে এই ভাষাতেই কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগলেন বিদায়ী মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া। আসন্ন বিধানসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে এ দিন জোড়া সভা করেন তিনি।
বক্তৃতার শুরু থেকেই মেজাজে ছিলেন বর্ষীয়ান এই রাজনীতিক। সুলতানপুরের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ঘাটালের দীর্ঘদিনের অভিশাপ ছিল বন্যা। সেই সমস্যার স্থায়ী সমাধানের জন্য তৈরি হওয়া ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়ে কেন্দ্র সরকার রাজনীতি করেছে। মানসরঞ্জনবাবুর দাবি, দীর্ঘ সময় ফাইল আটকে রেখে বাংলার মানুষকে দুর্ভোগে ফেলেছে বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী আর দিল্লির ভরসায় বসে না থেকে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকেই দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করে কাজ শুরু করেছেন। এ দিনের জনসভায় তিনি সাধারণ মানুষকে মনে করিয়ে দেন, যে সরকার মানুষের বিপদে পাশে থাকে, তাকেই আশীর্বাদ করা উচিত। এরপর হরিসিংহপুরের সভায় মানসরঞ্জনবাবু সরব হন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে। তাঁর অভিযোগ, ১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা, সব ক্ষেত্রেই বাংলাকে প্রাপ্য থেকে বঞ্চিত করছে মোদি সরকার। এ দিন শ্যামলী সর্দারের সমর্থনে মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল নজরকাড়া। মানসবাবু ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান, উন্নয়নের স্বার্থে এবং বহিরাগতদের যোগ্য জবাব দিতে জোড়াফুল চিহ্নে বোতাম টিপে তৃণমূল প্রার্থীকে জয়ী করতে হবে। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, ভোট ঘোষণার পর থেকেই ঘাটালের লড়াই বেশ হাড্ডাহাড্ডি, আর এ দিন মানসরঞ্জন ভুঁইয়ার এই জোড়া সভা তৃণমূল কর্মীদের মধ্যে নতুন করে বাড়তি অক্সিজেন সরবরাহ করল। কেন্দ্র সরকারের প্রতি ক্ষোভ এবং উন্নয়নের তাসকে হাতিয়ার করেই এ দিন তৃণমূল নেতৃত্ব যে প্রচারের সুর বেঁধে দিলেন, তা বলাই বাহুল্য। -নিজস্ব চিত্র