Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

স্টার্ককে পাচ্ছে না দিল্লি, আসছেন মুস্তাফিজুর

স্টার্ককে পাচ্ছে না দিল্লি, আসছেন মুস্তাফিজুর
  • ১৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এক সপ্তাহ বিরতির পর শনিবার ফের আইপিএলের বাইশ গজে বল গড়াবে। এই মুহূর্তে লিগ পর্বের ক্লাইম্যক্সে দাঁড়িয়ে এই প্রতিযোগিতা। বাকি ১২টি ম্যাচেই প্লে-অফের ভাগ্য নির্ধারণ হবে। এমন পরিস্থিতিতে বেকায়দায় দিল্লি ক্যাপিটালস। লিগের বাকি ম্যাচ খেলার জন্য ভারতে আসবেন না বলেই জানিয়ে দিয়েছেন মিচেল স্টার্ক, যা রাজধানীর ফ্র্যাঞ্চাইজির কাছে বড় ধাক্কা। কারণ চলতি মরশুমে দিল্লির হয়ে সর্বাধিক উইকেট সংগ্রহকারী এই অজি পেসার। শুধু স্টার্কই নয়, পরিবর্ত ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়েও কাঁটা বিধে রইল দিল্লি ম্যানেজমেন্টের গলায়। কারণ, গ্রুপ পর্বের ম্যাচের জন্যই ভারতে খেলতে আসার ছাড়পত্র পেয়েছেন তিনি। সব মিলিয়ে বেশ অস্বস্তিতে দিল্লি ক্যাপিটালস। 

Advertisement

এই মুহূর্তে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে দিল্লি। চতুর্থ স্থানে থাকা মুম্বইয়ের থেকে মাত্র এক পয়েন্ট পিছনে তারা। বাকি রয়েছে তিনটি খেলা। এই তিন ম্যাচেই বাঁ হাতি অজি পেসারকে পাচ্ছে না ম্যানেজমেন্ট। ১১ জুন থেকে লিডসে হবে ডব্লুটিসি ফাইনাল। সেখানে অস্ট্রেলিয়া দলের হয়ে নামবেন স্টার্ক। তার প্রস্তুতি নিতেই সাদা বলের ক্রিকেট খেলতে ভারতে আসতে চান না তিনি। তবে তাঁর টাকা কাটা হতে পারে। চলতি মরশুমের নিলামে ১১ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে অজি পেসারকে দলে নিয়েছিল দিল্লি। কিন্তু বাকি ম্যাচ না খেলায় ৩ কোটি ৮৫ লক্ষ টাকার মত না’ও পেতে পারেন তিনি। 
অস্বস্তি রয়েছে মুস্তাফিজুরকে নিয়েও। জ্যাক ফ্রেজারের পরিবর্তে দিল্লি থিঙ্কট্যাঙ্ক ৬ কোটি টাকার বিনিময়ে বাংলাদেশের পেসারকে নিয়েছিল। প্রথমে তাঁর আইপিএলে যোগ দেওয়া নিয়ে সংশয় ছিল। অবশেষে ১৮ থেকে ২৪ মে’র জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে সবুজ সংকেত পেলেন তিনি। তবে গ্রুপ লিগের ম্যাচের পরেই ফের জাতীয় দলে যোগ দিতে হবে মুস্তাফিজুরকে। কারণ, ২৫মে শুরু হওয়া পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন তিনি। তাই শারজায় সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলে যোগ দেবেন দিল্লি শিবিরে। আর ২৪ মে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলেই দল ছাড়বেন তিনি। 
ফাফ ডু’প্লেসিকে নিয়েও ধোঁয়াশায় রয়েছে দিল্লি। দলে যোগ দেবেন কি না তা এখনও জানাননি তিনি। তবে ফিরবেন ট্রিস্টান স্টাবস। কিন্তু তিনিও টেস্টে চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য গ্রুপ লিগের পরেই ফিরে যাবেন। তবে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও ট্রাভিস হেড যোগ দেবেন সানরাইজার্স হায়দরাবাদ দলে। নক-আউট থেকে আগেই ছিটকে গিয়েছে হায়দরাবাদ। তাই গ্রুপের শেষ ম্যাচ খেলেই দেশে ফিরতে পারবেন তাঁরা। এদিকে, ইতিমধ্যেই মুম্বই শিবিরে যোগ দিয়েছেন উইল জ্যাকস। দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ