নয়াদিল্লি: সোমবারই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লির লালকেল্লা এলাকা। পরদিন নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ভুটান সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকেই বিস্ফোরণ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি। বুধবার বিদেশ সফর থেকে ফিরে সোজা হাসপাতালে আসেন মোদি। দেখা করেন আহতদের সঙ্গে। এদিন দিল্লির এলএনজেপি হাসপাতালে যান প্রধানমন্ত্রী। তারপর সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর বার্তা, সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। ষড়যন্ত্রকারীরা কেউ ছাড় পাবে না।
বিস্ফোরণে আহতদের চিকিৎসা চলায় এমনিতেই গোটা হাসপাতাল চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে। স্বজন ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী আসার আগে সুরক্ষা ব্যবস্থা আরও আঁটোসাটো করা হয়। প্রশাসন সূত্রে খবর, জখমদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন মোদি। হাসপাতালের আধিকারিক ও চিকিৎসকরা প্রধানমন্ত্রীকে জখমদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানিয়েছেন। উল্লেখ্য, গত সোমবার আহতদের সঙ্গে দেখা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।