Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সামনে দিল্লি, হারের হ্যাটট্রিক এড়ানোর চ্যালেঞ্জ চেন্নাইয়ের, অনিশ্চিত ঋতুরাজ, নেতৃত্বে দেখা যেতে পারে ধোনিকে

সামনে দিল্লি, হারের হ্যাটট্রিক এড়ানোর চ্যালেঞ্জ চেন্নাইয়ের, অনিশ্চিত ঋতুরাজ, নেতৃত্বে দেখা যেতে পারে ধোনিকে
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০২
Prefer us on Google

চেন্নাই: শুরুটা ভালো হলেও পর পর দুই ম্যাচ হেরে প্রবল চাপে চেন্নাই সুপার কিংস। শনিবার ফের ঘরের মাঠে নামছেন হলুদ জার্সিধারীরা। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেলের নেতৃত্বে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি দলটি দুরন্ত ফর্মে। এখনও পর্যন্ত দু’টি ম্যাচেই জিতেছে তারা। জয়ের হ্যাটট্রিকের হাতছানি দিল্লির সামনে। আর চেন্নাইকে তাড়া করছে হারের হ্যাটট্রিকের আতঙ্ক। এই পরিসংখ্যানেই দুই শিবিরের মানসিক অবস্থা স্পষ্ট।

Advertisement

চেন্নাই সুপার কিংস দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে। ফলে জয়ে ফেরা অসম্ভব কিছু নয়। তবে রাচীন রবীন্দ্রর খেলায় ধারাবাহিকতার অভাব স্পষ্ট। তুলনায় অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় দলকে ভরসা জোগাচ্ছেন। কিন্তু কনুইয়ের চোটের জন্য এই ম্যাচে তিনি অনিশ্চিত। রবিবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস ম্যাচে চোট পেয়েছিলেন ঋতুরাজ। তিনি যদি না খেলেন তবে সিএসকে’র নেতৃত্বে ফের দেখা যেতে পারে মহেন্দ্র সিং ধোনিকে। ওপেনার হিসেবে রাহুল ত্রিপাঠিকে খেলিয়ে অবশ্য খুব একটা লাভ হচ্ছে না। পাওয়ার প্লে’তে দ্রুত গতিতে রান তোলার জন্যই মূলত তাঁকে রাখা। কিন্তু কাজের কাজ করে উঠতে পারছেন না ত্রিপাঠি। ফলে তাঁর বাদ পড়ার সম্ভাবনা প্রবল। সিএসকে’র মিডল অর্ডার অবশ্য বেশ শক্তিশালী। ইমপ্যাক্ট হিসেবে খেলানো হচ্ছে শিবম দুবেকে। গত ম্যাচে বিজয় শঙ্করকেও ফেরানো হয়েছে। রয়েছেন রবীন্দ্র জাদেজার মতো অলরাউন্ডার। তবে ধোনি কেন আরও উপরের দিকে নামছেন না, তা নিয়ে প্রশ্ন ক্রিকেট মহলের। ব্যাট হাতে দু’টি ম্যাচে বেশ ভালো পারফর্ম করেছিলেন মাহি। একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে প্রতিপক্ষ শিবিরকে চাপে ফেলে দিয়েছিলেন। আর তা দেখে সিএসকে সমর্থকদের কাতর মিনতি, মাহি নামুন আরও আগে। চেন্নাইয়ের বোলিংও বেশ আঁটসাঁট। পেসার খলিল আহমেদ, মাথিসা পাথিরানার সঙ্গে গত ম্যাচে জেমি ওভারটনকে তৃতীয় পেসার হিসেবে নামানো হয়েছিল। কিন্তু জেমি প্রচুর রান দিয়েছিলেন। স্পিন বিভাগে সেরা অস্ত্র নুর আহমেদ। তাঁর সঙ্গী হবেন অশ্বিন ও জাদেজা।
দিল্লি ক্যাপিটালস দলে এবার অভিজ্ঞতা ও তারুণ্যের ভারসাম্য খুবই ভালো। ইনিংস শুরু করছেন তরুণ ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ও বর্ষীয়ান ফাফ ডু’প্লেসি। তারপর রয়েছেন অভিষেক পোড়েলের মতো তরুণ তুর্কি। শুরুটা ভালো না হলে ধাক্কা সামলে দলকে নির্ভরতা জোগাতে তৈরি লোকেশ রাহুল। সঙ্গী হবেন ট্রিস্টান স্টাবস। ক্যাপ্টেন অক্ষর প্যাটেলের অলরাউন্ড পারফরম্যান্সও ফারাক গড়ে দিতে পারে। দিল্লির বোলিংয়ের ধার বেড়েছে মিচেল স্টার্ক যোগ দেওয়ায়। তাঁর সঙ্গী হবেন মুকেশ কুমার, মোহিত শর্মা। চিপকের পিচে বল ঘুরছে। সেক্ষেত্রে চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ