Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডিএলএড: অনুমোদনের লিঙ্ক দেওয়া শুরু

ডিএলএড: অনুমোদনের লিঙ্ক দেওয়া শুরু
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিএলএড কলেজগুলিকে অনুমোদনের লিঙ্ক দেওয়ার ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে নথি নেওয়া হয়েছে কলেজগুলির থেকে। এর পাশাপাশি চলেছে নথির হার্ডকপি জমা নেওয়ার কাজও। তবে সূত্রের খবর, অধিকাংশ কলেজই নথির হার্ডকপি জমা দিয়ে উঠতে পারেনি। ফলে, তাদের অনুমোদনের লিঙ্ক পাওয়ার কোনও সম্ভাবনা নেই। মোট ৬৫৬টি কলেজ রয়েছে। শেষ পর্যন্ত ক’টি কলেজ অনুমোদন পায়, সেটাই এখন দেখার।
Advertisement
এনসিটিই-র নিয়ম অনুযায়ী যে পরিমাণ জমি, ফায়ার লাইসেন্স, শিক্ষক সংখ্যা এবং অন্যান্য পরিকাঠামো প্রয়োজন, তা বহু কলেজেরই নেই বলে ওয়াকিবহাল মহল সূত্রে খবর। সেই কারণে, বেশ কিছু কলেজ অনলাইনেও সমস্ত নথি জমা দিয়ে উঠতে পারেনি। বিশেষ করে, ফায়ার লাইসেন্স এবং এনওসি’র ক্ষেত্রে অধিকাংশ কলেজেরই খামতি রয়েছে। যে কলেজগুলি অনুমোদন পাবে, তাদের এই বাবদ ফি-ও জমা দিতে হবে পর্ষদকে। 
প্রতি ৫০ জন পড়ুয়ার জন্য ৫০ হাজার টাকা ফি নেবে পর্ষদ। তবে, এই অনুমোদন নিলেই কলেজগুলির সমস্যা মিটে যাবে না। কেন্দ্রীয় নিয়ামক এনসিটিই ১০ ডিসেম্বরের মধ্যে পারফরম্যান্স অ্যাপ্রেইজাল রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কলেজগুলির কাছে। তার জন্য প্রয়োজন পর্ষদের একটি শংসাপত্র। অনুমোদনের পাশাপাশি সেই শংসাপত্র পর্ষদ কবে দেবে, তা নিয়েই চিন্তিত কলেজগুলি। 
সম্পর্কিত সংবাদ