শিক্ষিকাদের পদবি সমস্যায় ইউডাইসের তথ্য জমা দিতে দেরি, সমস্যায় বহু স্কুল
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিয়ের আগেই চাকরি। সেই মতো অবিবাহিত সময়ের পদবি রয়ে গিয়েছে নথিতে। বিয়ের পরে পদবি পরিবর্তন হয়েছে। এমন শিক্ষিকারা এবার পড়েছেন বেশ জটিল সমস্যায়। স্কুলশিক্ষা বিষয়ক সর্বভারতীয় সমীক্ষা ইউডাইসে তথ্য দিতে পারছেন না তাঁরা। কারণ, পরিবর্তিত পদ্ধতিতে আগের মতো আধার নম্বর দিলেই বিষয়টি মিটে যাচ্ছে না। নয়া পদ্ধতিতে আধার ভ্যালিডেটও করতে হচ্ছে। সেক্ষেত্রে, অন্যান্য নথির সঙ্গে আধারের পদবি না মিললে জমা দেওয়া যাচ্ছে না ইউডাইস রিপোর্ট। ফলেএকজন শিক্ষিকার জন্য আটকে যাচ্ছে গোটা স্কুলের রিপোর্ট। তবে ইউডাইস রিপোর্ট জমা দেওয়ার ডেডলাইন ১৪ নভেম্বর থেকে বাড়িয়ে ৩০ নভেম্বর হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে।

Advertisement

প্রশ্ন উঠতে পারে, আধার কার্ড পরিবর্তন করে নিলেই তো সমস্যা মিটে যায়। তবে এসআইআর পরবর্তী সময়ে তা বেশ কঠিন বলেই জানাচ্ছেন ভুক্তভোগী শিক্ষিকারা। ডায়মন্ডহারবারের এক স্কুলশিক্ষিকার আধার এবং ভোটার কার্ডে বাবা এবং স্বামী—উভয়ের পদবিই রয়েছে। তিনি পেনশন সংক্রান্ত জটিলতা এড়াতে বাবার পদবিতে ফিরতে চাইছিলেন। তাই ইউডাইসের আগেই যাতে তা করা যায়, সেই চেষ্টা শুরু করেন। তবে দেখা গিয়েছে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নেওয়া এফিডেভিট জমা দিয়েও লাভ হয়নি। ডোমিসাইল সার্টিফিকেটও চাওয়া হচ্ছে। স্রেফ আধারের ভিত্তিতে ডোমিসাইল সার্টিফিকেট দিতে চাইছে না এসডিও অফিস। সেখান থেকে লিখিত অর্ডার চাওয়া হচ্ছে। ফলে আগের নথি অনুযায়ী ইউডাইসের তথ্য দিতে বাধ্য হয়েছেন তিনি। প্রচুর শিক্ষিকা এ ধরনের সমস্যায় পড়েছেন বলে খবর।
ওয়াকিবহাল মহল সূত্রে জানা যাচ্ছে, সমস্যা মূলত দুটি। এসআইআরের পরে আধার পরিবর্তন প্রক্রিয়া জটিল হয়েছে। আর ইউডাইসের তথ্য জমা দেওয়ার ক্ষেত্রেও নিয়মের পরিবর্তন হয়েছে। শিক্ষিকারা বলছেন, যাঁরা সরকারি চাকরি করেন, তাঁদের ক্ষেত্রে নিয়মগুলি শিথিল হওয়া প্রয়োজন। সমস্ত ছুটি শেষ করে নথির জন্য প্রশাসনের দরজায় দরজায় ঘোরা কোনো সঠিক পদ্ধতি হতে পারে না।