নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃণমূলীদের জন্য দরজা বন্ধ। কিন্তু কংগ্রেস বা সিপিএম কিংবা অন্যান্য দল থেকে বিজেপিতে যোগ দিতে চাইলে কী করবে গেরুয়া শিবির? জানা যাচ্ছে, অবিলম্বে এব্যাপারে সুনির্দিষ্ট সাংগঠনিক নীতি চাইছে বিজেপির বঙ্গ ব্রিগেড। সেইমতো শীঘ্রই এসংক্রান্ত বিষয়ের রূপরেখা তৈরি করতে গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন, কোনোমতেই তৃণমূলীদের বিজেপিতে যোগদান করানো হবে না। যদিও যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিক্ষুব্ধ এবং বিদ্রোহী তৃণমূল সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক করছেন, তাতে দলের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। দলের তরফে অবশ্য জানানো হয়েছে, বিদ্রোহী তৃণমূলীরাই বিজেপির সঙ্গে বৈঠক করতে চাইছেন। এর অর্থ এই নয়, তৃণমূলীদের বিজেপিতে যোগদান করানো হচ্ছে। তবে ব্যাখ্যা যাই হোক, অন্য দলের প্রসঙ্গে রাজ্য নেতারা কী অবস্থান নিচ্ছেন, এবার তা নিয়ে নিশ্চিত হতে চাইছেন বিজেপির নিচুতলার নেতা, কর্মী-সমর্থকরা। কারণ কংগ্রেস কিংবা অন্যান্য দলের ব্যাপারে বিজেপির শীর্ষ নেতৃত্ব কিছুই জানাচ্ছেন না। নামপ্রকাশে অনিচ্ছুক বিজেপির নেতারা বলেছেন, ভিন দল থেকে যোগদানের ব্যাপারে নীতি সর্বত্রই এক হওয়া প্রয়োজন। তৃণমূলীরা খারাপ, কিন্তু সিপিএম অথবা কংগ্রেস থেকে যোগদান হলে সেইসব নেতা-কর্মী ভালো, এমন আলোচনার অবকাশ নেই। তাই তৃণমূলীদের যোগদান করানো হলে যদি প্রশ্ন ওঠে। তাহলে অন্য দল থেকে যোগদান করানো হলেও প্রশ্ন উঠবে।