• নতুন বাড়ি কিনলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বান্দ্রার পশ্চিমে সমুদ্রমুখী বিলাসবহুল একটি বাড়ি কিনেছেন তাঁরা। সম্প্রতি অন্দরমহলের সাজসজ্জা দেখতে সেখানে যান দম্পতি। পাপারাৎজিদের নজর এড়ায়নি যুগলের সফর। ক্যামেরাবন্দি হয়েছেন তাঁরা। রণবীর ও দীপিকার একটি ভিডিয়ো ছড়িয়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, স্বামীর সঙ্গে নতুন বাড়ির বারান্দায় সময় কাটাচ্ছেন দীপিকা। নজর এড়ায়নি দীপিকার বেবিবাম্পও। দ্বিতীয় সন্তানকে নিয়ে নতুন বাড়িতে প্রবেশ করার পরিকল্পনা রয়েছে দম্পতির। উল্লেখ্য, টালমাটালের পর দম্পতির পেশাদার জীবনের রথ এগচ্ছে দ্রুতগতিতে। সদ্য রণবীরের সঙ্গে ‘অসহযোগিতা’র সিদ্ধান্ত প্রত্যাহার করেছে ফেডারেশন। ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের পর অভিনেতা পরের কাজ ‘প্রলয়’ নিয়ে ব্যস্ত। অন্যদিকে, আটঘণ্টা কাজের দাবিতে অনড় দীপিকা ব্যস্ত অল্লু অর্জুনের ‘রাকা’ নিয়ে। এছাড়াও শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতেও কাজ করছেন নায়িকা।



