Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কোরিয়াকে হারিয়ে তিরন্দাজি বিশ্বকাপের ফাইনালে দীপিকারা

তিরন্দাজি বিশ্বকাপে বড় অঘটন ঘটাল ভারতের মহিলা দল। সেমি-ফাইনালে ১০ বারের ওলিম্পিকস চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে রিকার্ভ ইভেন্টের ফাইনালে দীপিকা কুমারিরা।

কোরিয়াকে হারিয়ে তিরন্দাজি বিশ্বকাপের ফাইনালে দীপিকারা
  • ৮ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: তিরন্দাজি বিশ্বকাপে বড় অঘটন ঘটাল ভারতের মহিলা দল। সেমি-ফাইনালে ১০ বারের ওলিম্পিকস চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে রিকার্ভ ইভেন্টের ফাইনালে দীপিকা কুমারিরা। সোনার লড়াইয়ে তাঁদের প্রতিপক্ষ চীন। তবে হতাশ করল ভারতের পুরুষ দল। বাংলাদেশের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন তরুণদীপ রাইরা।

Advertisement

সাংহাইয়ে তিরন্দাজি বিশ্বকাপের স্টেজ-টু’য়ে কোরিয়াকে এদিন ৫-১ ব্যবধানে হারাল ভারতের প্রমীলা বাহিনী। দীপিকা কুমারি, অঙ্কিতা ভকত ও কুমকুম মোহদকে নিয়ে গঠিত রিকার্ভ দলের সামনে জোরদার ধাক্কা খায় হেভিওয়েট প্রতিপক্ষ। প্রথম সেটে ছ’টির মধ্যে চারটিতে ১০ স্কোর করে কোরিয়াকে চাপে ফেলে দেন ভারতের মেয়েরা। ৫৮-৫৫ ব্যবধানে প্রথম সেটের দখন নেন দীপিকারা। দ্বিতীয় সেটে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১। এরপর তৃতীয় সেটে ভারত ৫৮ পয়েন্ট স্কোর করে। চাপের মুখে ৫৬ পয়েন্টের বেশি তুলতে পারেনি কোরিয়া। সেই সঙ্গে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে স্মরণীয় জয় নিশ্চিত হয়ে যায় দীপিকাদের। উল্লেখ্য, সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে চতুর্থবার দক্ষিণ কোরিয়াকে হারাল ভারতীয় দল। চার মাস দূরে এশিয়ান গেমস। তার আগে বিশ্বকাপের স্টেজ-টু’য়ে দুরন্ত পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়াবে দীপিকাদের। ফাইনালে দ্বিতীয় বাছাই চীনকে হারিয়ে সোনা জিতলে তো কথাই নেই!
মেয়েরা ফাইনালে উঠলেও হতাশ করল পুরুষ দল। তরুণদীপ রাই, ধীরাজ বোম্মাদেবারা এবং যশদীপ ভোগেকে নিয়ে গঠিত ভারতের রিকার্ভ টিম মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের কাছে। ম্যাচে একটি সেটও জিততে পারেননি তরুণদীপরা। ২-৬ ব্যবধানে হেরে বিশ্বকাপের শুরুতেই ছিটকে যেতে হল তাঁদের।

সম্পর্কিত সংবাদ