Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬

‘ককরোচ’দের রাজনৈতিক দল গঠনের জল্পনা খারিজ দিপকের

তরুণদের দাবি আদায়ই অগ্রাধিকার। সেজন্য ‘প্রেশার গ্রুপ’ হিসাবেই কাজ করবে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

‘ককরোচ’দের রাজনৈতিক দল গঠনের জল্পনা খারিজ দিপকের
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: তরুণদের দাবি আদায়ই অগ্রাধিকার। সেজন্য ‘প্রেশার গ্রুপ’ হিসাবেই কাজ করবে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পড়ুয়ারা যেখানেই আন্দোলন করবে, আমরা তাদের পাশে থাকব। বুধবার এমনটাই জানালেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দিলেন, এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের কোনো সম্ভাবনা নেই। 

Advertisement

নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল সিজেপি। চাপের মুখে ২০ জুলাই ইস্তফা দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তারপরেই ককরোচদের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে জল্পনা শুরু হয়। আগামী রণকৌশল ঠিক করতে মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগরে আলোচনায় বসেছে সিজেপি। অভিজিতের পাশাপাশি আলোচনায় যোগ দেন দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। এরই ফাঁকে অভিজিৎ বলেন, ‘রাজনৈতিক দল হওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা প্রেশার গ্রুপ হিসাবেই কাজ করে যাব। যেখানেই পড়ুয়ারা আন্দোলন করবে আমরা তাদের পাশে থাকব। দেশের বিভিন্ন প্রান্তে কীভাবে পড়ুয়াদের পাশে থাকা যায় তা ঠিক করতেই আলোচনায় বসেছি।’ বর্তমানে পড়ুয়া বিক্ষোভে উত্তপ্ত ঝাড়খণ্ড। সরকারি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ১২ দিন ধরে আন্দোলন চলছে। ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাত। এবার কি তাহলে ঝাড়খণ্ডে যাবে সিজেপি? প্রশ্নের উত্তরে অভিজিৎ বলেন, ‘প্রয়োজন পড়লে ওখানে নিশ্চয়ই যাব। আজকের বৈঠকে এবিষয়ে আলোচনা করা হবে।’ 
এদিকে জোর করে বাড়িতে ঢুকে খবর করার জন্য বেশকিছু ইউটিউবার ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সৌরভ। বিষয়টিকে গোপনীয়তায় হস্তক্ষেপ আখ্যা দেন তিনি। অভিজিৎ আরও দাবি করেন, ‘এর জেরে আমার পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ভবিষ্যতে কোনো সমাজ-বিরোধী ব্যক্তি বাড়িতে আমার উপর হামলা চালালে এই ইউটিইউবারদের তার দায়িত্ব নিতে হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ