আটক দিপকে, নেতৃত্ব দিলেন অজিঙ্ক সিন্ধে
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কী হতে চলেছে, তা আগেই আঁচ করেছিলেন। তাই শীর্ষ নেতৃত্ব আটক হলেও আন্দোলন কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, তার ব্যবস্থা করে রেখেছিলেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রধান অভিজিৎ দিপকে। শনিবার মুম্বই থেকে দিল্লিগামী বিমানে রাজধানীতে পৌঁছনোর পরই দিপকেকে আটক করে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই সিজেপির এক্স হ্যান্ডলে দিপকের একটি ভিডিয়ো পোস্ট হয়। এই ভিডিয়ো আগে থেকে রেকর্ড করা ছিল। যেখানে দিপকে বলছেন, ‘আপনারা যদি এই ভিডিয়ো দেখেন, তার অর্থ আমি, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা গ্রেপ্তার হয়েছি। আমাদের অনুপস্থিতিতে অজিঙ্ক সিন্ধে আন্দোলন চালিয়ে নিয়ে যাবে। এবং সিজেপির নেতৃত্ব দেবে। আপনারা ওর নির্দেশ মেনে চলুন।’ অন্য একটি ভিডিয়োতে সমর্থকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানাতে শোনা যায় সিন্ধেকেও। তিনি বলেন, ‘জনতার ঐক্যকে ভয় পাচ্ছে সরকার। আপনারা যন্তরমন্তরে আসুন। পুলিশ যেখানে আটকাবে, সেই জায়গাকেই যন্তরমন্তর বানিয়ে প্রতিবাদ শুরু করুন।’  উল্লেখ্য, মহারাষ্ট্রের বাসিন্দা অজিঙ্ক সিন্ধে দীর্ঘদিন ধরেই দিপকের ঘনিষ্ঠ সহযোগী। এর আগে তিনি আম আদমি পার্টির মহারাষ্ট্র শাখার সোশ্যাল মিডিয়া সমন্বয়কারী হিসাবে কাজ করেছেন। 

Advertisement