জ্ঞানেশ-মোদির বিদায় আসন্ন, হুংকার রাহুলের
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘নরেন্দ্র মোদি, অমিত শাহ, অজিত দোভাল, জ্ঞানেশ কুমার, মোহন ভাগবতদের প্রভাব ও ক্ষমতা ক্রমশ কমছে। আমরা ওদের ঘিরে ধরেছি। অগ্রসর হচ্ছি। তৈরি থাকুন সবাই। দায়িত্ব নিয়ে বলছি, আমাদের কাছে সব খবর পৌঁছে যাচ্ছে। জ্ঞানেশ কুমার একা নয়, নরেন্দ্র মোদিরও বিদায় আসন্ন। খুব শীঘ্রই এই সরকারের পতন হবে। সমস্ত আভাস স্পষ্ট।’ স্পষ্ট অথচ রহস্যময় ভাষায় শনিবার ভবিষ্যদ্বাণী করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কিন্তু কোন খবরের ভিত্তিতে তাঁর এই মন্তব্য? সেকথা খোলসা করেননি তিনি। তবে এদিন সকালে রাহুল একটি ভিডিয়ো প্রকাশ করেন। যেখানে দেখা যায়, শুক্রবার সংসদের সংবিধান ভবনের সেন্ট্রাল হলে ‘ইন্ডিয়া’ জোটের একটি সমাবেশে তিনি ভাষণ দিচ্ছেন। রীতিমতো ভোকাল টনিকের সুরে রাহুল বলেন, ‘আপনারা যে বিক্ষোভ আন্দোলন করছেন, সেটা যে এই সরকারের ভিত কতটা নাড়িয়ে দিয়েছে, সেব্যাপারে আপনারা হয়ত নিজেরাও অবগত নন। সরকারের পতন আসন্ন। তারপরই সবথেকে বড়ো চ্যালেঞ্জ হল, এই ১২ বছরের যাবতীয় ক্ষতি মেরামত করা।’ এদিন বিকালে ফের সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ রাহুল চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীকে। বলেছেন, ‘কত পুলিশ পাঠাবেন? ৫০ হাজার পাঠান। কত গ্রেপ্তার করবেন? করুন। পার পাবেন না।’ ককরোচ আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়ে এও বলেন, ‘ছাত্র-যুবদের জন্য আমি গর্বিত। সংবিধানকে আক্রমণ করা এই সরকার ইতিমধ্যেই পরাজিত হয়েছে। এবার শুধু বিদায়ের অপেক্ষা।’ 

Advertisement