লখনউ: তিন যুবককে আটক করে তাঁদের উপর পাশবিক অত্যাচার চালানোর অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে। অভিযুক্ত বিধায়কের নাম কুঁয়ার সুশান্ত সিং। অভিযোগ, সুশান্তর ছেলের সোনার বালা চুরির অভিযোগে তিনজনকে আটক করা হয়। উলটো করে ঝুলিয়ে মারধরের পাশাপাশি তাঁদের বৈদ্যুতিক শকও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন এক যুবক। ইতিমধ্যে বিজনৌরের বড়াপুরের ওই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন এক নিগৃহীতের মা। এই নির্মম অত্যাচারের প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। যাবতীয় অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন অভিযুক্ত পদ্ম বিধায়ক। তাঁর দাবি, বন্দি করা, মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এসপি (গ্রামীণ) কুঁয়ার আকাশ সিং বলেন, ‘তদন্তের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।’ শুক্রবার সুশান্ত সহ ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রামু কাশ্যপ নামে নিগৃহীত যুবকের মা। অভিযোগ, গত বুধবার অর্জুন কুমার নামে সুশান্তের এক সহযোগী রামুকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। অতুল ও লভিশ নামে আরও দুই যুবককে আগেই নিয়ে যাওয়া হয়েছিল।



