কালনার হরশুনা গ্রামে গভীর নলকূপ বিকল, শতাধিক বিঘা জমিতে চাষ বন্ধ
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: কালনা থানার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার হরশুনা গ্রামে দীর্ঘ কয়েক বছর ধরে বিকল হয়ে পড়ে রয়েছে সরকারি গভীর নলকূপ। ফলে এলাকার কয়েকশো বিঘে চাষের জমি আজ অনাবাদি হয়ে রয়েছে। এতে আর্থিক সমস্যায় পড়েছেন চাষিরা। সরকার বদলে তা পুনরায় চালুর আশায় দিন গুনছেন এলাকার বহু  চাষি।

Advertisement

কালনা-১ ব্লকের সুলতানপুর পঞ্চায়েতের হরশুনা গ্রাম এলাকায় দুই দশক আগে চাষিদের সেচ ব্যবস্থার মধ্যে দিয়ে চাষাবাদের উন্নতির লক্ষ্যে সরকারি উদ্যোগে বসানো হয় গভীর নলকুপ। তা থেকে এলাকার একশো একরের বেশি জমিতে সেচের জল সরবরাহে উপকৃত হতেন বহু চাষি। বছরে দু’বার ধান ও আলু সহ অন্যান্য চাষে আর্থিক দিক দিয়ে সচ্ছল হয়ে উঠেছিলেন এলাকার বহু চাষিরা পরিবার। বছর চারেক আগে যান্ত্রিক ত্রুটির কারণে গভীর নলকূপ থেকে সেচের জল সরবরাহ বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন চাষিরা। পূর্বতন সরকারের আমলে পঞ্চায়েত থেকে বিডিও ও এলাকার বিধায়কের কাছে আবেদন জানিয়েও কোনো সুরাহা মেলেনি। ফলে বৃষ্টির জলের উপর ভরসা রেখে যেটুকু চাষ হয় তার উপর  চাষাবাস করে কোনোরকমে সংসার চালাচ্ছেন চাষি পরিবার। অনেক চাষি নিজের জমি থাকতেও অপরের জমিতে খেত মজুরি করে সংসার চালাচ্ছেন। নতুন সরকার আমলে আশায় বুক বাধছেন এলাকার চাষিরা। সম্প্রতি বর্তমান বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার এলাকায় গেলে তাঁর কাছে গভীর নলকূপটি সারাইয়ের আবেদন রাখেন এলাকার চাষিরা। তিনি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন বলে বাসিন্দাদের দাবি। 
এলাকার বাসিন্দা কাজী আরিফুদ্দিন, সুকুমার বাগ বলেন, এক সময় গভীর নলকূপের জলে সেচ ব্যবস্থার মধ্যে দিয়ে মাঠে সোনার ফসল ফলতো। কয়েকশো বিঘের বেশি জমিতে আলু, ধান সহ নানান ধরনের সবজি চাষ হতো।  দীর্ঘ চার বছরের বেশি সময় ধরে নলকূপটি যান্ত্রিক সমস্যায় বিকল হয়ে পড়ে আছে। সেচ ব্যবস্থা নেই। মরুভূমি হয়ে রয়েছে বিঘের পর বিঘে চাষের জমি। আকাশের বৃষ্টির উপর ভরসা করে কিছু চাষ হচ্ছে। দিন কয়েক আগে বিধায়ক এলাকায় এসেছিলেন। তাঁর কাছে আমরা নলকূপটি সারাইয়ের জন্য আবদেন রেখেছি। তিনি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। দ্রুত মেরামতি হলে আলু চাষ করা সম্ভব। বহু চাষি পরিবার উপকৃত হবেন।
নলকুপ অপারেটর সুদ্রত ঘোষ বলেন, দীর্ঘদিন নলকূপটি খারাপ হয়ে পড়ে আছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েকবার জানিয়েছি। নলকূপটি চালু হলে বহু চাষি উপকৃত হবেন।