নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর আন্দামান সাগর ও লাগোয়া মায়ানমার উপকূলে সোমবার অতিগভীর নিম্নচাপ তৈরি হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, এটি মায়ানমার উপকূল অতিক্রম করবে এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও লাগোয়া বাংলাদেশ উপকূল বরাবর দুদিন ধরে অগ্রসর হবে। শক্তিশালী নিম্নচাপটির প্রভাবে আন্দামানে প্রচুর বৃষ্টি হলেও দেশের মূল ভূখণ্ডে এটির কোনো প্রভাব পড়বে না। এমনই মনে করছেন আবহাওয়াবিদরা। বঙ্গোপসাগরের আগের শক্তিশালী নিম্নচাপটি উত্তরপ্রদেশের উপর আরও দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এর জেরে এদিন সকাল পর্যন্ত পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশে কোথাও কোথাও হয়েছে প্রচুর বৃষ্টি। রাজ্যে আপাতত ৪ অক্টোবর পর্যন্ত কোথাও ভারী বৃষ্টির সতর্কতা নেই।



