নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মমতার আমলে নতুন করে কনস্টেবল নিয়োগ হয়নি কলকাতা পুলিশে। বিপুল সংখ্যক কনস্টেবলের পদ খালি পড়ে রয়েছে। এই সমস্যা মোকাবিলায় এই পদে এক্স সার্ভিসম্যানদের নিয়োগ করার সিদ্ধান্ত নিল লালবাজার। প্রথম পর্যায়ে ১৭০০ শূন্য পদে নিয়োগের কথা হয়েছে। ধীরে ধীরে এই সংখ্যাটা বেড়ে তিন হাজারের কাছাকাছি পৌঁছবে বলে সূত্রের খবর। পুলিশ কমিশনারের তরফে বুধবারই চুক্তি ভিত্তিক কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার সূচনা করেছে লালবাজার। আইনশৃঙ্খলা জনিত ডিউটি বা থানা চালানোর ক্ষেত্রে কনস্টেবলের অভাবে কাজ করতে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে কলকাতা পুলিশকে।
পরিংসখ্যান বলছে এক একটি থানায় সবমিলিয়ে ১৫ থেকে ২০ জন কনস্টেবল রয়েছেন। যার মধ্যে ডিউটি করার মতো সুস্থসবল রয়েছেন, এমন কর্মীর সংখ্যা ১৫ জনের মতো। তৃণমূল সরকারের কাছে কনস্টেবল নিয়োগের জন্য বারবার প্রস্তাব গেলেও কোনও লাভ হয়নি।
পালাবদলের পর নতুন সরকার এই সমস্যার কথা বুঝেই সিদ্ধান্ত নেয় নতুন কনস্টেবল নিয়োগ করার। এক পুলিশ কর্তার কথায়, নিয়োগ করতে গেলে পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস টেস্ট. ইন্টারভিউ, ট্রেনিং সহ বেশ কিছু পদ্ধতি রয়েছে। যা করতে অন্তত বছর খানেকের বেশি সময় লাগার কথা। এই পরিস্থিতিতে কাজ চালানোর জন্য এক্স সার্ভিস ম্যানদের নিয়োগ করতে চেয়ে প্রস্তাব যায় নবান্নের স্বরাষ্ট্রদপ্তরে। সর্বোচ্চস্তরের সবুজ সংকেত মেলার পরই লালবাজারের তরফে চুক্তির ভিত্তিতে প্রথম দফায় ১৭০০ এক্স সার্ভিসম্যান নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে নিয়োগের সংখ্যা বাড়িয়ে তিন হাজার করার পরিকল্পনা রয়েছে লালবাজারের। আগ্রহী প্রার্থীদের লালবাজারে থাকা ড্রপ বক্সে আবেদন জমা করতে বলা হয়েছে।
তবে আবেদনের শর্ত, সংশ্লিষ্ট এক্স সার্ভিসম্যানকে এই রাজ্যের বাসিন্দা এবং ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে। আবেদনের সময় জমা দিতে হবে বয়সের প্রমাণ পত্র্, যেখানে কাজ করেছেন সেখানকার ডিসচার্জ বুক, শংসাপত্র, পেনশনের কাগজ সহ প্রয়োজনীয় বিভিন্ন নথি। আবেদন ঝাড়াইবাছাইয়ের পরই কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। পুলিশ সূত্রে খবর, সুশৃঙ্খল একটি বাহিনীতে কীভাবে কাজ করতে হয়, তার প্রশিক্ষণ রয়েছে এক্স সার্ভিসম্যানদের। এঁদের আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ রয়েছে, সেই সঙ্গে যথেষ্ট শৃঙ্খলাপরায়ণ। তাই চুক্তিভিত্তিক কনস্টেবলের জন্য তাঁদের বাছা হচ্ছে।