চারা নয়, নতুন করে ৬০০ হেক্টর জমিতে ম্যানগ্রোভের বীজ রোপণ করার সিদ্ধান্ত
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবার আর চারা নয়। সুন্দরবনে গজিয়ে ওঠা নতুন চর, বনদপ্তরের জমি সহ বেশ কিছু নতুন এলাকায় ম্যানগ্রোভের বীজ বপন করা হবে, যাকে বলা হয় প্রপাগিউল। দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের উদ্যোগে এমন প্রায় ৬০০ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে। এই গোটা অঞ্চলে প্রায় এক কোটির কাছাকাছি বীজ লাগবে বলে জানা গিয়েছে। বীজ থেকে চারা তৈরি হতে সময় লাগে। তাই সরাসরি বীজ সংগ্রহ করে সেটা মাটিতে পুঁতে দেওয়া হবে। আগামী মাস থেকেই সেই কাজ শুরু হওয়ার কথা রয়েছে। আপাতত এখন বীজ সংগ্রহের কাজ চলছে বলে খবর।

Advertisement

কুলতলি, মথুরাপুর ২, বাসন্তী, কাকদ্বীপ, সাগর, নামখানা ব্লকে হবে এই বীজ রোপণ। কারা এই কাজের দায়িত্ব পাবে, তার জন্য পুজোর আগেই টেন্ডার ডাকা হয়ে গিয়েছিল। সুন্দরবনের নদীর ধারে প্রায়ই নতুন নতুন চর গজিয়ে ওঠে। সেখানে প্রাকৃতিক উপায়ে ম্যানগ্রোভ বন তৈরি না হলে তখন চারা লাগানো হতো। সেরকমই এবারও খালি জমি পাওয়া গিয়েছে অনেক জায়গায়। হয় সেখানে কখনো গাছ লাগানো হয়নি, অথবা আগে এমন কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। তাই বিভিন্ন ব্লকের এমন জায়গা খুঁজে বের করেন বনকর্মীরা। আধিকারিকদের দাবি, বীজ থেকে চারা হতে বেশ কিছুটা সময় লাগে। অন্তত ছয় মাস বয়স না হলে সেটা রোপণ করা যায় না। তাই বীজ সংগ্রহ করে সেটা পুঁতে দিলে অনেক তাড়াতাড়ি তার থেকে গাছ বেরিয়ে আসবে। রোপণের পর ঠিক মত যত্ন নেওয়া গেলে কয়েক বছরের মধ্যে আরো বাড়বে ম্যানগ্রোভ বনাঞ্চল।